নগরীর পাঁচলাইশে গলায় গামছা পেঁচিয়ে কাস্টমস কর্মকর্তাকে হত্যার দায়ে ‘গামছা পার্টির’ ৬ সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া তাদের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
গতকাল চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ আলী আক্কাসের আদালত এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন বল্লাল হোসেন, ডালিম মল্লিক, কামরুর সিকদার, আল আমিন, পনু ব্যাপারী ও মো. হোসেন। এদের মধ্যে পনু ব্যাপারী ও হোসেন পলাতক। বাকীরা রায় ঘোষণার সময় হাজির ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়। আদালতের অফিস সহকারী মারুফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
আদালতসূত্র জানায়, নগরীর পাঁচলাইশ এলাকার অংকুর স্কুল মাঠ থেকে ২০০৬ সালের ২৯ আগস্ট কাস্টমস কর্মকর্তা সাঈদ আহমেদ চৌধুরীর লাশ উদ্ধার করে পুলিশ। তার গলায় গামছা পেঁচানো ছিল। ঘটনার দিন তিনি মীরসরাই থেকে চট্টগ্রাম শহরে আসেন। পথে অটোরিকশাচালক ও তার সহযোগীরা তাকে সুগন্ধা এলাকার বাসায় না নিয়ে মালামাল ছিনিয়ে নেয়। পরে গলায় গামছা পেঁচিয়ে তাকে হত্যা করে লাশ ফেলে যায়। এ ঘটনায় নিহতের ভাই মঈন উদ্দিন সাঈদ চৌধুরী বাদী হয়ে পাঁচলাইশ থানায় একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ‘গামছা পার্টির’ সদস্যদের বিরুদ্ধে চার্জশিট দিলে ২০১০ সালের ৪ ফেব্রুয়ারি চার্জগঠন করে আসামিদের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন বিচারক।














