হে রুদ্র বৈশাখ

সিমলা চৌধুরী | মঙ্গলবার , ১৪ এপ্রিল, ২০২৬ at ৫:৪৩ পূর্বাহ্ণ

হে বৈরাগী, বাউল বৈশাখ

এসো চৈত্রের খরতাপ পেরিয়ে

তুমুল ঝড়ের বেশে এসো,

দাও সকল দুঃখতাপ, জরা উড়িয়ে।

তুমি আসবে বলে গৃহবধূ সাজিয়েছে

পুষ্প পত্র পল্লবে বরণডালার থালা,

এসো সিঁদুর মেঘের গর্ভ ভেদ করে

দূর করো তপ্ত পৃথিবীর দহন জ্বালা।

তোমার আগমনে অবসান হোক

গত বছরের যত ব্যর্থতার স্বরলিপি,

লেখা হোক সফল আগামীর

সুস্থ, সুন্দর জীবনের দিনলিপি।

এসো বৃক্ষডালে, নবপল্লবের বেশে

ধুয়ে মুছে যত পুরাতন জীর্ণতা

এসো নতুন দিনের তরুণ আলোয়

নিয়ে এসো স্বপ্ন শান্তির বারতা।

হে রুদ্র বৈশাখ,এসো জীর্ণ বসন ছেড়ে,

গানে গানে, প্রাণে প্রাণে ছড়াও যত হর্ষ,

হিংস্রতার কুৎসিত বাঁধ ভেঙে আনো

প্রেম, ভালোবাসা ও মানবতার স্পর্শ।

পূর্ববর্তী নিবন্ধশামসুজ্জামান খান : লোক সংস্কৃতি ও পল্লীসাহিত্য গবেষক
পরবর্তী নিবন্ধবৈশাখ মানে