বোয়ালখালীতে পুকুরে ডুবে দিলীপ সর্দার (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত দিলীপ সর্দার আমুচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ধোরলা গ্রামের মৃত নিকুঞ্জ সর্দারের ছেলে। তার তিন ছেলে সন্তান রয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঘর থেকে বের হয়েছিলেন। পরে দুপুর ২টার দিকে তাকে একটি পুকুর থেকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। নিহতের ছেলে রুপন সর্দার বলেন, দিলীপ সর্দার ব্রেইন স্ট্রোক করায় দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তিনি প্রায় সময় একা একা ঘর থেকে বের হয়ে যেতেন। বৃহস্পতিবার দুপুরেও তিনি একা বের হয়ে গিয়েছিলেন। পরে ঘরের সদস্যরা তাঁকে খুঁজতে থাকেন। এক পর্যায়ে একটি পুকুর থেকে স্থানীয়রা তাঁকে উদ্ধার করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. পুশন বলেন, দুপুর আড়াইটার দিকে দিলীপ সর্দারকে পরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়েছে।












