হাটহাজারীতে বোনের বিয়ের অনুষ্ঠানে গিয়ে সড়ক দুর্ঘটনায় মো. সামির (১৩) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে হাটহাজারী পৌরসভার ডায়মন্ড টাচ নামে একটি কমিউনিটি সেন্টারের সামনে হাটহাজারী–রাউজান সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সামির পৌরসভার ৩ নং ওয়ার্ডস্থ শায়েস্তা খাঁ পাড়া এলাকার প্রবাসী জসিমের পুত্র। সে হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ছিল। জানা যায়, গতকাল দুপুরের দিকে সামির তার বড় বোনের বিয়েতে উল্লেখিত কমিউনিটি সেন্টারে যায়। সেখান থেকে বের হয়ে বেলা আড়াইটার দিকে রাস্তা পার হতে গেলে নগরমুখী বেপরোয়া গতির একটি ডাম্প ট্রাক তাকে ধাক্কা দেয় এতে গুরুতর আহত হয় সামির। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ একটি প্রাইভেট হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রাক ও চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। রাউজান হাইওয়ে থানা পুলিশ জানায়, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।











