নগরীর পতেঙ্গার চরপাড়া ঘাট সংলগ্ন মেরিন ড্রাইভ রোড থেকে বাণিজ্যিক জাহাজ থেকে শুল্ক ফাঁকি দিয়ে খালাস করা ৮০০ কেজি চিনিসহ ২ চোরাকারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। গতকাল ভোর ৫টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার বিশেষ অভিযানে তাদের আটক করা হয়েছে।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন সুমন আল মুকিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন খবরের ভিত্তিতে জানা যায়, একটি অসাধু চক্র পতেঙ্গা থানাধীন চরপাড়া ঘাট সংলগ্ন মেরিন ড্রাইভ রোডে বাণিজ্যিক জাহাজ থেকে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে খালাস করা বিপুল পরিমাণ চিনি বাজারজাতকরণের উদ্দেশ্যে বহন করবে। এ তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোর ৫টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন সন্দেহজনক ১টি ট্রাকে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে বাজারজাতকরণের উদ্দেশ্যে বহনকালে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৮০০ কেজি চিনি ও চোরাচালান কাজে ব্যবহৃত ট্রাকসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়। জব্দ করা আলামত ও আটক চোরাকারবারিদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।












