গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি ও ভুতুড়ে বিল আদায় এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ও অবস্থান কর্মসূচি পালন করেছে ১১ দলীয় ঐক্য, চট্টগ্রাম মহানগরী। গতকাল বৃহস্পতিবার নগরীর লালদীঘিস্থ জেলা পরিষদ চত্বরে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে মিছিলযোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ। কর্মসূচি শেষে মহানগরীর ১১ দলের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন সিনিয়র সহকারী কমিশনার (ভূমি অধিগ্রহণ শাখা) ও এঙিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আনিছুর রহমান খান।
জেলা পরিষদ চত্বওে সমাবেশে সভাপতিত্ব করেন নগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম। নগর জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন, বাংলাদেশ খেলাফত মজলিসের নগর সভাপতি মাওলানা এমদাদ উল্লাহ সোহাইল, নগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, এনসিপির মহানগরীর আহ্বায়ক মীর মো. শোয়াইব, নগর জাগপা সভাপতি আবু মোজাফফর মোহাম্মদ আনাস, নগর এলডিপি সভাপতি সৈয়দ গিয়াসউদ্দিন আলম, দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, নগর লেবার পার্টির সহ–সভাপতি মুজিবুর রহমান, নগর জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, উত্তর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির নগর সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শেখ জোবায়ের মাহমুদ, নগর নেজামে ইসলাম পার্টির সেক্রেটারি আনোয়ার হোসাইন রব্বানি, কেন্দ্রীয় যুব সচিব অধ্যাপক নজরুল ইসলাম চৌধুরী, অ্যাডভোকেট নেজাম উদ্দিন এবং কোতোয়ালী থানা জামায়াতের আমির আমির হোসাইন। সভাপতির বক্তব্যে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, হঠাৎ করে গ্যাস ও বিদ্যুৎ সংকটের কবলে পড়ল কেন বাংলাদেশ, সরকারকে এর জবাব দিতে হবে। নগরীর বেশিরভাগ এলাকায় টানা কয়েক দিন ধরে গ্যাস না থাকায় সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। গ্যাস সংকটের কারণে বাসাবাড়ির পাশাপাশি ব্যবসা–বাণিজ্য ও শিল্পকারখানার কার্যক্রমও ব্যাহত হচ্ছে। বিদ্যুৎ সংকটের মধ্যেই হুট করে বিদ্যুতের মূল্য বৃদ্ধি এবং ভুতুড়ে বিলের নামে গ্রাহকদের ওপর বাড়তি আর্থিক বোঝা চাপিয়ে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিদ্যুতের মূল্য বৃদ্ধি ও অতিরিক্ত বিল আদায়ের বিষয়ে সরকারের পক্ষ থেকে জনগণের কাছে সুস্পষ্ট ব্যাখ্যা দিতে হবে। একই সঙ্গে ভুতুড়ে ও অতিরিক্ত বিলের অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পরে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












