বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে দালালির অভিযোগে এক ব্যক্তিকে ২০ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত–১১ বিশেষ এই অভিযান পরিচালনা করে। গতকাল মঙ্গলবার সকালে বিআরটিএ, চট্ট–মেট্রো–২ ও চট্টগ্রাম জেলা সার্কেল কার্যালয়ে এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন নগরীর ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ এলাকার মৃত কালা মিয়ার পুত্র মনজুর আলম (৬৫)।
অপরদিকে হাটহাজারী থানার অন্তর্গত চৌধুরীহাটে অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮–এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ১২টি মামলায় মোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত–১১–এর নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা অভিযানে নেতৃত্ব দেন।










