রাউজান–রাঙামাটি সড়কের রাউজান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের হামদু মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় একটি ড্রাম ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার ভোরে দেওয়া আগুনে ট্রাকটি সম্পূর্ণ পুড়ে যায়।
স্থানীয়রা জানান, রাতে ট্রাকটি সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। ভোরে স্থানীয় লোকজন হঠাৎ ট্রাকটিতে আগুন জ্বলতে দেখে এগিয়ে আসেন। তবে কারা আগুন দিয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন তথ্য–উপাত্ত সংগ্রহ করেছে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তথ্য–উপাত্ত সংগ্রহ করেছে। জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ মামলা বা অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।












