নগরের পাহাড়তলীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, ক্ষতিকর রং ও কেওড়া জল ব্যবহারসহ বিভিন্ন অপরাধে চার প্রতিষ্ঠানকে ৮৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার এ অভিযান পরিচালিত হয়।
সংশ্লিষ্টরা জানান, অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশে চানাচুর, বুট ভাজাসহ বিভিন্ন ধরনের খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণ এবং প্রক্রিয়াজাতকরণ, খাদ্যদ্রব্য প্রস্তুতে পোড়া তেল ব্যবহারের কারণে লোকনাথ ফুড প্রোডাক্টসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া পাহাড়তলী বাজারে অবস্থিত মেসার্স কাউসার এন্টারপ্রাইজকে ক্ষতিকর কেওড়া জল খাদ্যদ্রব্যে ব্যবহারের জন্য বিক্রি করায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়। একই বাজারে ক্ষতিকর রং মিশ্রিত কাশ্মীরি মরিচ বিক্রি করায় ফেনী স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া তৃতীয় পক্ষ থেকে ঘি ক্রয় করে নিজেদের উৎপাদিত বলে বিক্রয় করায় আর এন সুপার বাঘাবাড়ি নামে একটি ঘি প্যাকেটজাতকারী প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।













