বাঘাইছড়িতে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

পিবিআইর জাল প্রতিবেদন তৈরি

রাঙামাটি প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩০ নভেম্বর, ২০২৩ at ১০:৩৪ পূর্বাহ্ণ

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রতিবেদন জাল করায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার আমতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রাসেল চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করে রাঙামাটি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, জেলার লংগদু উপজেলার মাইনী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রসঙ্গত, রাসেল চৌধুরী বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক।

জানা গেছে, জেলার বাঘাইছড়ি উপজেলার আমতলী ইউনিয়নের বাসিন্দা মো. পারভেজ হোসেন এবং ওমর ফারুকসহ ১০ ব্যক্তি রাসেল চৌধুরীর বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন ধারায় আদালতে একটি মামলা দায়ের করেন। আদালত মামলাটি পিবিআইকে তদন্তের জন্য নির্দেশ দেন। রাসেল চৌধুরী আদালতের সেরেস্তো থেকে মামলার নথি পিবিআইকে সরাসরি জমা দেওয়ার কথা বলে নিয়ে যান। এর কিছুদিন পর রাসেল নিজেই একটি তদন্ত প্রতিবেদন আদালতের সেরেস্তাকে জমা দেন। প্রতিবেদন আদালতে গেলে সেটি অসামঞ্জস্য বলে মনে হলে বিচারক কোর্ট পুলিশকে যাছাই করার নির্দেশ দেন। পরে কোর্ট পুলিশ তদন্ত করে জানতে পারে আসামি রাসেল চৌধুরী প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে সেরেস্তা থেকে মামলার নথি নিয়ে পিবিআইকে না দিয়ে পিবিআইয়ের সাবেক পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলমের (যিনি ২০১৪–২০১৮ সাল পর্যন্ত চট্টগ্রামে পিবিআইয়ে কর্মরত ছিলেন) নাম, স্বাক্ষর ও সিলমোহর ব্যবহার করে নিজের মতো করে মিথ্যা ও বানোয়াট প্রতিবেদন তৈরি করে জমা দেন। জাল, জালিয়াতি করে ফৌজদারি অপরাধ করায় তিনি এবং তার অজ্ঞাতনামা সাহায্যকারীদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় বুধবার প্রতারণা ও জালিয়াতির মামলা রুজু হয়। এর পরিপ্রেক্ষিতে সাবেক ইউপি চেয়ারম্যান রাসেলকে গ্রেপ্তার করা হয়। তাকে আজ (বৃহস্পতিবার) আদালতে তোলা হবে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ওসি।

এদিকে চলতি মাসের ৯ নভেম্বর দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাসেল চৌধুরীকে বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদকের পদ থেকে সাময়িক অব্যাহতি দেয় জেলা আওয়ামী লীগ।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে মনোনয়নপত্র জমা দিলেন বীর বাহাদুর
পরবর্তী নিবন্ধজাতীয় সংলাপের আহ্বান