বহির্নোঙরে স্ক্র্যাপ জাহাজে সহকর্মীর ছুরিকাঘাতে থাই নাবিকের মৃত্যু

অভিযুক্ত নাবিক কারাগারে

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২১ মে, ২০২৬ at ৫:৪১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে থাইল্যান্ডের পতাকাবাহী ‘এমভি কেপিপি০১’ নামের জাহাজে ছুরিকাঘাতে এক থাই নাবিকের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাতে সংঘটিত এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে অপর এক থাই নাবিককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত নাবিকের নাম তুরাকর্ণ বুরুসি। গতকাল তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা জানা গেছে, সীতাকুণ্ডের ভাটিয়ারির একটি শিপ ব্রেকিং ইয়ার্ডে কাটার জন্য এমভি কেপিপি০১ নামের জাহাজটি আমদানি করা হয়। স্ক্র্যাপ জাহাজটিতে দায়িত্ব পালনকে কেন্দ্র করে থাইল্যান্ডের দুই নাবিকের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সেই বিরোধ সংঘর্ষে গড়ায়। এ সময় রান্নার কাজে ব্যবহৃত ছুরি দিয়ে নাবিক তুরাকর্ণ বুরুসি অপর নাবিক রাফিফং ক্লাহানকে আঘাত করে। এতে রাফিফং ক্লাহান গুরুতরভাবে আহত হন। খবর পেয়ে জাহাজটির স্থানীয় এজেন্টের লোকজন তাকে জাহাজ থেকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

আনোয়ারা থানার ওসি জুবায়ের চৌধুরী বলেন, থাইল্যান্ডের এক নাবিক নিহতের মামলায় মঙ্গলবার রাতেই জাহাজ থেকে থাই নাবিক তুরাকর্ণ বুরুসিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল তাকে আদালতে হাজির করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। ময়নাতদন্ত শেষে নাবিকের লাশ ফ্রিজে সংরক্ষণ করা হয়েছে। নিহত নাবিক জাহাজটিতে অয়েলার পদে কর্মরত ছিলেন। ঘটনার ব্যাপারে আনোয়ারা থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধহামে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১৩৮
পরবর্তী নিবন্ধখাতুনগঞ্জে এলাচের বাজারে ভাসমান ট্রেডিং ব্যবসায়ীদের দৌরাত্ম্য