খাতুনগঞ্জে এলাচের বাজারে ভাসমান ট্রেডিং ব্যবসায়ীদের দৌরাত্ম্য

নষ্ট হচ্ছে পণ্যমূল্যের স্থিতিশীলতা ও বাজার শৃঙ্খলা ব্যবস্থা নিতে খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনকে চিঠি

জাহেদুল কবির | বৃহস্পতিবার , ২১ মে, ২০২৬ at ৫:৪২ পূর্বাহ্ণ

খাতুনগঞ্জে এলাচের বেপরোয়া ট্রেডিং হচ্ছে। এদের বেশিরভাগের খাতুনগঞ্জে কোনো ব্যবসা প্রতিষ্ঠান নাই। নেই কোনো ট্রেড লাইসেন্সও। খাতুনগঞ্জের একশ্রেণীর ব্যবসায়ীর আশ্রয়ে প্রশ্রয়ে এরা লাগামহীন পণ্য বেচাকেনা করছে। এতে বাজারে পণ্যমূল্যের স্থিতিশীলতা নষ্ট হচ্ছে। এছাড়া এতে মসলার বৈধ আমদানিকারকরা ক্ষতির সম্মুখীন হচ্ছে। এসব অভিযোগ এনে ভাসমান ব্যবসায়ীদের লাগাম টানার জন্য খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের সভাপতি বরাবর চিঠি দিয়েছে খাতুনগঞ্জের সাধারণ মসলা ব্যবসায়ীরা। গত মঙ্গলবার লেখা সেই চিঠিতে উল্লেখ করা হয়েছে, খাতুনগঞ্জ বাজারে বহিরাগত ভাসমান ব্যবসায়ীদের বেপরোয়া এলাচ ব্যবসার কারণে বৈধ মসলা আমদানিকারকরা আর্থিক ক্ষতির মুখে পড়ছে। এসব কথিত মসলার ব্যবসায়ীদের কারো অ্যাসোসিয়েশনের সদস্যপদ নাই। তারা সম্পূর্ণ নিয়মবহির্ভূতভাবে এলাচ কেনাবেচা করছে। এক্ষেত্রে তারা বাজারের প্রচলিত আড়তদারি প্রথা ও ট্রেড রুলস তোয়াক্কা করছে না। এই বেপরোয়া ও অনিয়ন্ত্রিত ব্যবসার কারণে ইতোমধ্যে বাজারে বড় ধরনের অস্থিতিশীলতা দেখা দিয়েছে। যা বৈধ আমদানিকারকদের পিঠ দেয়ালে ঠেকিয়ে দিয়েছে। এই পরিস্থিতি চলতে থাকলে বৈধ আমদানিকারকরা ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হবেন। এতে পুরো খাতুনগঞ্জ বাজারের বাণিজ্যিক সুনামের উপর নেতিবাচক প্রভাব ফেলবে। তাই আমদানিকারকদের রক্ষার স্বার্থে এসব বহিরাগত ব্যবসায়ীদের বিরুদ্ধে শিগগিরই কঠোর আইনি ও প্রাতিষ্ঠানিক পদক্ষেপ গ্রহণ করে এলাচের ব্যবসার সুশৃঙ্খল পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি।

এ ব্যাপারে জানতে চাইলে খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমিনুর রহমান মিন্টু দৈনিক আজাদীকে বলেন, আমার জানা মতে, খাতুনগঞ্জের কোনো প্রকৃত ব্যবসায়ী ভাসমান ব্যবসায়ীর সাথে লেনদেন করে না। যারা ভাসমান বা খাতুনগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান নাই, তারা নিজেরা নিজেদের মধ্যে পণ্য বেচাকেনা করে। এক্ষেত্রে আমাদের তো ব্যক্তিগতভাবে কিছু করার নাই। এখন কেউ যদি কোনো অব্যবসায়ীর সাথে ব্যবসা করে নিজের মূলধন ঝুঁকিতে ফেলে, তাহলে এটা তো তার সমস্যা। তবে আমরা এসোসিয়েশনের পক্ষ থেকে সতর্কতামূলক নোটিশ জারি করবো। যাতে কেউ কোনো অব্যবসায়ীর সাথে লেনদেন বা ব্যবসা না করে। কারণ অব্যবসায়ীর কারণে যদি বাজারে শৃঙ্খলা নষ্ট হয়, তবে এতে যাদের প্রতিষ্ঠান আছে তারা ক্ষতিগ্রস্ত হয়। আমরা খাতুনগঞ্জের ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় যা যা করার সব করবো। এসব ভাসমান ব্যবসায়ীরা কম দামে আগাম এলাচ ট্রেডিং করছে এমন অভিযোগের বিষয়ে আমিনুর রহমান মিন্টু বলেন, আসলে শুধু এলাচ না, খাতুনগঞ্জে তেল, চিনি, গমসহ নানা পণ্যের ট্রেডিং হয়। তবে আগাম এলাচের বাজার মূল্য বর্তমান মূল্যের চেয়ে বেশি।

পূর্ববর্তী নিবন্ধবহির্নোঙরে স্ক্র্যাপ জাহাজে সহকর্মীর ছুরিকাঘাতে থাই নাবিকের মৃত্যু
পরবর্তী নিবন্ধআলিফ হত্যা মামলায় বাদীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন