নগরীর আগ্রাবাদে ফ্লাইওভারের ওপর কাটা ঘুড়ি আনতে গিয়ে সিএনজির ধাক্কায় ১৩ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে। তবে কিশোরটির পরিচয় জানা যায়নি। গতকাল সন্ধ্যায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চমেক হাসপাতাল সূত্রে জানা যায়, আগ্রাবাদ বারেক বিল্ডিং এলাকার ফ্লাইওভারে কাটা ঘুড়ি আনতে গিয়ে কিশোরটি সিএনজির সামনে পড়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হয়। চমেক পুলিশ ফাঁড়ির নুরুল আলম আশেক ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, শুক্রবার সন্ধ্যায় ফ্লাইওভারের ওপর কাটা ঘুড়ি আনতে গিয়ে সিএনজির ধাক্কায় এক কিশোর গুরুতর আহত হয়। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।












