দেশে গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত আরও তিন শিশুর মৃত্যু হয়েছে, আর এ রোগের উপসর্গ নিয়ে মারা গেছে তিনজন। এ সময়ে নতুন করে ১৩৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, সারাদেশে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮০ জনের। এ ছাড়া এ রোগের উপসর্গ নিয়ে ৪০১ জন মারা গেছে। খবর বিডিনিউজের।
এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ১৫৯ জন ঢাকা বিভাগে মারা গেছেন; আর ৭৮ জন মারা গেছে রাজশাহী বিভাগে। এর পরেই আছে সিলেট, এ বিভাগে মারা গেছে ৩৯ জন। এছাড়া চট্টগ্রামে ৩৭, বরিশালে ২৯, ময়মনসিংহ ৩৪, খুলনা ২১ ও রংপুর বিভাগে ৪ জন মারা গেছে হামের উপসর্গ নিয়ে।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গেল ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৭০টি শিশুকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে এক হাজার ১৪৫ জনকে ভর্তি করতে হয়েছে। গেল ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৪৫৫ জন ভর্তি হয়েছে ঢাকার হাসপাতালগুলোতে। আর সবচেয়ে কম ১৩ জন ভর্তি হয়েছে রংপুরে। এ নিয়ে দেশে মোট সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ হাজার ৮৫৬। তাদের মধ্যে ৮ হাজার ৬৭ জনের হাম শনাক্ত হয়েছে।











