সাফ অনূর্ধ্ব–২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠার লড়াইয়ে আজ সেমিতে নেপালের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকাল ৪.৪৫টায় মালদ্বীপে এ খেলাটি শুরু হবে। তবে সেমি–ফাইনালের এ ম্যাচটি বাংলাদেশ জিততে চায় নির্ধারিত ৯০ মিনিটের মধ্যেই। নির্ধারিত সময়ের খেলা ৯০ মিনিট, এরপর অতিরিক্ত সময় নেই। ম্যাচ অমীমাংসিত থাকলে সরাসরি টাইব্রেকার। তবে বাংলাদেশ কোচ মার্ক কক্স সব পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার কথাও বললেন। মালদ্বীপের মালেতে আজ বুধবার প্রথম সেমি–ফাইনাল উপলক্ষে গতকাল মঙ্গলবার শেষ মুহূর্তের প্রস্তুতি সেরেছে দল। বাফুফের মাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় কক্স বলেছেন, নেপাল ম্যাচ নিয়ে তার চাওয়। ‘এটা দারুণ একটা টুর্নামেন্ট। সব দল, এমনকি যারা বিদায় নিয়েছে–পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ–তারাও ভালো খেলেছে। ভুটান, ভারত, নেপাল ও আমরা সৌভাগ্যবান যে ফাইনালে উঠেছি। কঠিন লড়াই হবে, তবে আমরা আমাদের মতো করে খেলব এবং প্রতিপক্ষকে আমাদের নিয়ে ভাবতে হবে। বিষয়গুলো নির্ভর করবে ম্যাচ কিভাবে এগোয়, তার উপর। আমরা বিষয়গুলো দেখছি, পরিকল্পনা করছি। আশা করি, ৯০ মিনিটেই মধ্যেই আমরা জিতব। কোনো অতিরিক্ত সময় নেই এবং সরাসরি পেনাল্টি। আমরা সবকিছুর জন্যই প্রস্তুত।’ পাকিস্তানকে ২–০ গোলে হারিয়ে, ভারতকে ১–১ ড্রয়ে রুখে দিয়ে নকআউট পর্বে আশা বাংলাদেশের দুর্ভাবনা বাড়িয়েছে ডিফেন্ডার আশিকুর রহমানের চোট। ভারত ম্যাচে পাওয়া চোটের কারণে খেলতে পারবেন না তিনি। তবে ফরোয়ার্ড রিফাত কাজীর বিশ্বাস, এই কমতিটুকু পুষিয়ে লক্ষে পৌঁছাবে দল। ‘দলের সবাই সুস্থ আছে। শুধুমাত্র আমাদের আশিক ভাই ছাড়া। সবশেষ ভারতের বিপক্ষে ম্যাচে সে চোট পেয়েছে, তার জন্য আমাদের খারাপ লাগছে। তবে, এখন আমরা নেপালের বিপক্ষে ম্যাচে আমরা মনোযোগ দিচ্ছি। আমাদের যে সেরা ফুটবল খেলি, সেটা ইনশাআল্লাহ প্রমাণ করব। দেশবাসী আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে সেমি–ফাইনাল জিতে ফাইনালে উঠতে পারি।’ মিডফিল্ডার মোলতাজিম আলম হিমেলের কণ্ঠেও একই সুর। অপরাজিত থেকে নকআউট পর্বে আসায় আরও আত্মবিশ্বাসী এই তরুণ। ‘আমরা প্রথম ম্যাচ থেকে নিজেদের প্রমাণ করে সেমি–ফাইনাল পর্যন্ত এসেছি। আমরা প্রথম দিন থেকে নিজেদের প্রমাণ করে যাচ্ছি। এখান প্রমাণ করার কিছু নাই। আমরা জানি আমরা শক্তিশালী। আমরা এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে এসেছি। নেপাল আমাদের জন্য সবসময় বড় বাধা। আমাদের প্রত্যেকটা খেলোয়াড়, প্রত্যেকটা কোচিং স্টাফ তাদের ১০১ শতাংশ দিচ্ছে। তো আমরা অনেক আত্মবিশ্বাসী যে, ইনশাআল্লাহ কাল(আজ) সেমি–ফাইনাল জিতে দেশকে ফাইনাল খেলা উপহার দেব।’












