পিসিআইইউতে অ্যাক্রেডিটেশন ও কোয়ালিটি অ্যাস্যুরেন্স বিষয়ে প্রশিক্ষণ

| বৃহস্পতিবার , ১৪ মে, ২০২৬ at ১১:১২ পূর্বাহ্ণ

ইউনিভার্সিটির (পিসিআইইউ) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে গত ১০ মে অ্যাক্রেডিটেশন ও কোয়ালিটি অ্যাস্যুরেন্স প্রক্রিয়া বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

শুরুতে বক্তব্য রাখেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. গণেশ চন্দ্র রায়। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা এবং গুণগত সংস্কৃতি জোরদার করার লক্ষ্যে এ ধরনের কর্মশালা গুরুত্বপূর্ণ।

এরপর কর্মশালার সেশন পরিচালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. সৈয়দ এনায়েত করিম। তিনি অ্যাক্রেডিটেশন প্রক্রিয়া, স্বমূল্যায়ন কার্যক্রম, প্রোগ্রাম মূল্যায়ন, কারিকুলাম উন্নয়ন এবং উচ্চশিক্ষায় গুণগত মান নিশ্চিতকরণের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। উপস্থাপনায় তিনি শিক্ষা কার্যক্রমের ধারাবাহিক মূল্যায়ন, শিক্ষার্থীকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা, গবেষণার মানোন্নয়ন এবং একাডেমিক প্রশাসনে জবাবদিহিতা নিশ্চিত করার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন, টেকসই একাডেমিক উন্নয়ন এবং বিশ্বমানের শিক্ষা পরিবেশ গড়ে তুলতে কার্যকর কোয়ালিটি অ্যাস্যুরেন্স ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি তিনি অ্যাক্রেডিটেশন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্ট সকলের সমন্বিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিসিআইইউর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. এম. মজিবুর রহমান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী বলেন, শিক্ষার মানোন্নয়ন ও টেকসই একাডেমিক পরিবেশ গড়ে তুলতে আইকিউএসির কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচকবাজার থানা জামায়াতের ইউনিট দায়িত্বশীল সমাবেশ
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটির ইইই বিভাগে ওরিয়েন্টেশন