বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, সংগঠনের ইউনিট পর্যায়ের কার্যক্রম যত বেশি শক্তিশালী হবে, ততই ওয়ার্ড, থানা, মহানগরী ও কেন্দ্রীয় সংগঠন সুদৃঢ় হবে। তিনি বলেন, ইতিহাস সাক্ষ্য দেয় যেখানে যত বেশি প্রতিকূলতা ও বিপর্যয় এসেছে, সেখানে দ্বীনের দাওয়াত তত ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তাই কোনো ষড়যন্ত্র, রাজনৈতিক প্রতিবন্ধকতা কিংবা বাধা দেখে হতাশ না হয়ে ইসলামী আন্দোলনের কর্মীদের ধৈর্য, সাহস ও দূরদর্শিতার সঙ্গে কাজ চালিয়ে যেতে হবে। গত মঙ্গলবার জামায়াতে ইসলামী চকবাজার থানার উদ্যোগে আয়োজিত ইউনিট দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
থানা আমীর আহমদ খালেদুল আনোয়ারের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি সাদুর রশিদ চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুস।
সমাবেশে উপস্থিত ছিলেন আব্দুল হান্নান, মোহাম্মদ শহিদুল্লাহ, মোহাম্মদ ইলিয়াছ, জাহাঙ্গীর আলম, এরশাদুল ইসলাম, আমজাদ হোসাইন ও সাইফুদ্দিন খালেদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।













