জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতার ক্রাশ প্রোগ্রাম এবং উন্নত প্রযুক্তির লার্ভিসাইড ছিটানোর কথা বলা হলেও মাঠপর্যায়ে এর কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। নগরীর বিভিন্ন ওয়ার্ডে সরেজমিনে গিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম ও মশক নিধনে সিটি কর্পোরেশনের কার্যক্রমের তেমন কোনো নিদর্শন পাওয়া যায়নি। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদেরও অনেক ক্ষেত্রে মাঠে পাওয়া যাচ্ছে না। দীর্ঘদিন ধরে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় সিটি কর্পোরেশনের কর্মকাণ্ডে জবাবদিহিতার ঘাটতি তৈরি হয়েছে। নগরবাসী নাগরিক সেবার ক্ষেত্রে জবাবদিহিতামূলক ও কার্যকর সিটি কর্পোরেশন চায়। জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে নগরবাসীর কাছে জবাবদিহি নিশ্চিত করতে হবে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দেওয়ানবাজারস্থ মহানগর জামায়াত কার্যালয়ে মহানগরী জামায়াতের কর্মপরিষদ বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৈঠকে নগরীর সাংগঠনিক কার্যক্রম, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা কর্মসূচি এবং বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় বক্তব্য দেন, নগর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ খাইরুল বাশার, মুহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুছ, নগর সাংগঠনিক সম্পাদক ডা. এ কে এম ফজলুল হক ও ডা. ছিদ্দিকুর রহমান, হামেদ হাসান এলাহী, আবু হেনা মোস্তফা কামাল, অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, অধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবী, কোতোয়ালী থানা আমির আমীর হোসাইন, হালিশহর থানা আমির ফখরে জাহান সিরাজী, বন্দর থানা আমির মাহমুদুল আলম চৌধুরী, ডবলমুরিং থানা আমির ফারুকে আজম, আমির মুহাম্মদ ইসমাইল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












