দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নয়জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। নয়জনের মধ্যে ৪ জন ঢাকা বিভাগে, তিনজন চট্টগ্রামে এবং একজন করে মারা গেছেন সিলেট ও খুলনা বিভাগে। অপরদিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে দুজনের মৃত্যু হয়েছে। এসময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫১৯ জন। খবর বিডিনিউজের।
সরকারি হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও রোগটির উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩৫২ জনের মৃত্যু হল। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ২৪৭ জন। এর বাইরে যে ১০৫ জন মারা গেছে, তাদের শরীরে হাম শনাক্ত হয়েছিল। হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ৫৬০ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ২২২ জন, চট্টগ্রামে ১২৮, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৯৫, বরিশালে ৭০, খুলনায় ৬১ ও রংপুর বিভাগে ১৮ জন মারা গেছে।
এদিকে চলতি বছর ডেঙ্গুতে প্রাণহানির সংখ্যা দাঁড়াল ৫১৮ জনে। আর হাসপাতালে ভর্তি বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭৩ হাজার ৪৭৩ জনে। তাদের মধ্যে ১ লাখ ৬৭ হাজার ৮৮৫ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।











