পতেঙ্গা বায়তুশ শরফ শাহ আখতরিয়া আদর্শ দাখিল মাদ্রাসায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বার্ষিক পুরস্কার বিতরণী, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা এবং দাখিল ২০২৫ সালের এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিশেষভাবে সংবর্ধনা প্রদান করা হয় অত্র প্রতিষ্ঠানের ২০২৩ সালের দাখিল পরীক্ষায় এ প্লাস অর্জনকারী শিক্ষার্থী সৈয়দ মোহাম্মদ রিফাতকে, যিনি সমপ্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার গৌরব অর্জন করেছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি মোহাম্মদ আলী, সহ–সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ আলহাজ্ব আব্দুল মাবুদ, সুপার মাওলানা আরিফুল ইসলাম, সহ–সুপার মাওলানা বেলাল উদ্দিনসহ প্রতিষ্ঠানের সকল শিক্ষকবৃন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মজিবুল হক, ডাঃ ওসমান গনি এবং মোশাররফ উদ্দিন খালেদ। অতিথিরা তাঁদের বক্তব্যে প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, পতেঙ্গা বায়তুশ শরফ শাহ আখতরিয়া আদর্শ দাখিল মাদ্রাসা শুধু ফলাফলের দিক থেকেই নয়, শৃঙ্খলা, নৈতিকতা এবং আধুনিক শিক্ষার সমন্বয়েও একটি অনুকরণীয় প্রতিষ্ঠান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। বিশেষ করে দাখিল পরীক্ষায় ধারাবাহিকভাবে সেরা ফলাফল অর্জন করে প্রতিষ্ঠানটি পতেঙ্গা অঞ্চলের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে। অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থী ও এ প্লাস প্রাপ্তদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হয়। পুরো আয়োজনটি ছিল উৎসবমুখর, আবেগঘন এবং শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। সকলের প্রত্যাশা, এই প্রতিষ্ঠান আগামী দিনেও শিক্ষা, নৈতিকতা ও সাফল্যের ধারাবাহিকতায় আরও উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে। প্রেস বিজ্ঞপ্তি।













