পটিয়াকে জেলা ঘোষণা ও স্বাস্থ্য কমপ্লেক্সকে ২০০ শয্যায় উন্নীত করার দাবি

সংসদে এমপি এনামুল হক

পটিয়া প্রতিনিধি | শুক্রবার , ১৭ এপ্রিল, ২০২৬ at ৫:৩৮ পূর্বাহ্ণ

দক্ষিণ চট্টগ্রামের ৮ উপজেলাকে নিয়ে পটিয়াকে জেলা ঘোষণা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙকে ২০০ শয্যায় উন্নীত করার দাবি জানিয়েছেন এনামুল হক এনাম এমপি।

গতকাল বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদের অধিবেশনে তিনি এ দুটি প্রস্তাব তুলে ধরে তা দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

এ সময় তিনি সংসদে দেওয়া বক্তব্যে বলেন, দক্ষিণ চট্টগ্রামের একটি গুরুত্বপূর্ণ ও জনবহুল জনপদ হওয়া সত্ত্বেও পটিয়া দীর্ঘদিন ধরে প্রশাসনিক ও স্বাস্থ্যসেবার ক্ষেত্রে অবহেলিত। বিপুল জনসংখ্যা ও বিস্তৃত এ এলাকা তুলনামূলকভাবে বর্তমান প্রশাসনিক কাঠামো ও স্বাস্থ্যসেবা অত্যন্ত অপ্রতুল। এর ফলে এলাকার সাধারণ মানুষ প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন। তিনি আরও বলেন, পটিয়াকে জেলা হিসেবে ঘোষণা করা হলে প্রশাসনিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব হবে, কমবে সেবাগ্রহণের জটিলতা ও সময়ক্ষেপণ। পাশাপাশি পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙকে ২০০ শয্যায় উন্নীত করা হলে আধুনিক ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব হবে, যা পুরো দক্ষিণ চট্টগ্রামের মানুষের জন্য সুফল বয়ে আনবে। সরকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, পটিয়ার জনগণের দীর্ঘদিনের ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা হলে এ অঞ্চলের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

পূর্ববর্তী নিবন্ধচাঁনখালী খালের ওপর ‘ওয়াই টাইপ’ সেতু নির্মিত হলে তিন উপজেলার মানুষের যাতায়াত সহজ হবে
পরবর্তী নিবন্ধবিভিন্ন স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা