নগরীর শেরশাহ বাংলাবাজার এলাকায় নালা থেকে ১৬ কেজি ওজনের ১ হাজার ৩৫০টি গুলি উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে খবর পেয়ে বায়েজিদ থানা পুলিশের একটি টিম এসব গুলি উদ্ধার করে।
বায়েজিদ বোস্তামী থানার পরিদর্শক (তদন্ত) মোস্তফা কামাল দৈনিক আজাদীকে বলেন, সিটি কর্পোরেশনের লোকজন ড্রেন পরিষ্কারের কাজ করার সময় বস্তা ভরা এসব পুরনো গুলি দেখতে পায়। এ খবর আমাদের জানালে আমরা গিয়ে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসি।
উদ্ধারকৃত বস্তুকে ঠিক গুলি বলা যাবে না জানিয়ে তিনি বলেন, মূলত এগুলো গুলির সামনের অংশ। পুরনো ও ব্যবহৃত বলে মনে হয়েছে। বাকিটা পরীক্ষা–নিরীক্ষার পর বলা যাবে। সেনাবাহিনীর টিম এসব গুলি পরীক্ষা করে দেখবে জানিয়ে তিনি বলেন, এর আগেও বায়েজিদ বোস্তামী এলাকায় ১৯ কেজি ওজনের একই রকম গুলি উদ্ধার হয়েছিল।











