দীর্ঘদিনের বঞ্চনার পর ভূজপুরবাসীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হয়েছে

‘ফটিকছড়ি উত্তর উপজেলা’ ঘোষণা প্রসঙ্গে মুহিব্বুল্লাহ বাবুনগরী

ফটিকছড়ি প্রতিনিধি | রবিবার , ৫ জুলাই, ২০২৬ at ১০:৩৮ পূর্বাহ্ণ

ফটিকছড়ি উপজেলাকে বিভক্ত করে ‘ফটিকছড়ি উত্তর উপজেলা’ ঘোষণা করায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। গতকাল শনিবার আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় উত্তর ফটিকছড়ি হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাতে তিনি বলেন, দীর্ঘদিনের বঞ্চনার পর ভূজপুরবাসীর ন্যায্য দাবি পূরণ হওয়ায় তিনি আল্লাহর শুকরিয়া আদায় করছেন।

তিনি বলেন, ভূজপুরের মানুষ বিএনপির জন্য বেশি কষ্ট করেছেন। ভূজপুর থানা দিয়েছেন বেগম খালেদা জিয়া আর উপজেলা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানএটি ভূজপুরের মানুষের পাওনা ছিল।

এ সময় তিনি নতুন ঘোষিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর ভূজপুর থানা সংলগ্ন এলাকায় স্থাপনের জন্য প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানান। সৌজন্য সাক্ষাতে তিনি আরও বলেন, দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের মাধ্যমে ভূজপুরবাসীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।

এ সময় হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর আল্লামা মুফতি মাহমুদ হাসান, মাওলানা আইয়ুব বাবুনগরী, মাওলানা জুনাইদ বিন জালাল, হারুয়ালছড়ি ইউনিয়নের প্রতিনিধি মাওলানা শামসুল আলম, আবুল খায়ের সওদাগর, মাওলানা আবু তালেব, মাওলানা নিজাম উদ্দিন, মাওলানা আজগর সালেহী, মাওলানা মুহিব্বুল্লাহ আমিনী, নারায়ণহাট ইউনিয়নের প্রতিনিধি মুফতি মামুন বশর ভূইয়া, মাওলানা লোকমান হোসেন, মাওলানা তারেকুল ইসলাম, মাওলানা ইয়াছিন, হাফেজ হোছাইন ও হাফেজ শহিদুল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধপটিয়া সিটি আইডিয়াল স্কুলে মা সমাবেশ ও ফল উৎসব
পরবর্তী নিবন্ধজনগণের সুখে-দুঃখে পাশে থাকাই বিএনপির মূল রাজনীতি