প্রায় তিন দশক আগে লাকী আখান্দের সুর করা একটি গান এখন প্রচারে এসেছে। ‘যার কাছে মন রেখে’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন তরুণ মুন্সী, গানের কথা লিখেছেন গোলাম মোর্শেদ। খবর বিডিনিউজের।
প্রযোজনা প্রতিষ্ঠান ‘গান জানালার’ ইউটিউব চ্যানেলে শোনা যাচ্ছে গানটি। গানটি তৈরির পিছনের গল্প বলেছেন গোলাম মোর্শেদ। তিনি বলেন, সময়টা ১৯৯৮ সাল। তখন লাকী আখান্দ আমার ধানমন্ডির অফিসে প্রায় নিয়মিতই সন্ধ্যার পরে গানের আড্ডা দিতে আসতেন। সেখানেই কোন এক সন্ধ্যায় গানটি লেখা হয়েছিল। আমার জীবনের একটা বড় অংশ জুড়ে আছেন লাকী ভাই। শুধু তাকে ভেবেই অনেক গান আমার লেখা হয়েছে। যার কাছে মন রেখে গানটি দেখার পর লাকী ভাই নিজেই সুর করেছিলেন সেসময়। কিন্তু তার আর গাওয়া হয়ে উঠেনি। তিনি চলে যাবার পর আমিও গানটি এভাবেই রেখে দিয়েছিলাম। গান প্রকাশের উদ্যোগ নেওয়ার কথা জানিয়ে গীতিকার বলেন, কাজটি করার চিন্তাভাবনা তার মধ্যে সবসময়ই ছিল। ভেতরের তাগিদের কথা তুলে ধরে গোলাম মোর্শেদ বলেন, একটা সময় এসে মনে হল গানটি প্রকাশ করতে হয় লাকী ভাইয়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে। তখন মনে হলো এই গান তরুণ মুন্সীর চাইতে ভালো কেউ গাইতে পারবে না। আমার সেই বিশ্বাস তরুণ রেখেছে। অসাধারণ করে সে গেয়েছে গানটি। শ্রোতারাও গানটি পছন্দ করবেন এমন প্রত্যাশা করছি।














