১২নং সরাইপাড়া ওয়ার্ডের ঝর্ণাপাড়া এলাকার সাধারণ মানুষের ওপর চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং এলাকাকে মাদক মুক্ত করার লক্ষ্যে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার ঝর্ণাপাড়া ময়দান মাঠের সামনে সরাইপাড়া ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। সমাজসেবক জাহেদুল আলম সেকু সরদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন দিদারুল আলম সুমন, ফজলুর হক সুমন এবং শরিফুল ইসলাম তুহিন, গনি সরদার, জামাল মাস্টার, সেলিম, আবুল হাসনাত আজাদ প্রমুখ। এতে বক্তারা বলেন, কিছু সন্ত্রাসী বাহিনীর নিয়মিত অত্যাচারে ঝর্ণাপাড়া ও সরাইপাড়া এলাকার সাধারণ মানুষের জীবন ও নিরাপত্তা এখন চরম হুমকির মুখে। এই সন্ত্রাসী বাহিনী কোনো কারণ ছাড়াই যখন–তখন সাধারণ মানুষের ওপর হামলা চালাচ্ছে এবং এলাকায় আতঙ্ক সৃষ্টি করছে। ফলে স্থানীয় সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। বক্তারা অবিলম্বে চিহ্নিত এসব সন্ত্রাসীর বিরুদ্ধে বর্তমানে ১৫টিরও বেশি মামলা রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানিয়ে সরাইপাড়ার বাসিন্দারা আগামী ৭২ ঘণ্টার মধ্যে সন্ত্রাসী আলমগীর এবং তার বাহিনীর সদস্যদের গ্রেপ্তার করা না হলে খুলশী ও ডবলমুরিং থানা ঘেরাও এবং ডিটি রোড অবরোধ করা হবে জানান। একই সাথে সরাইপাড়া ও ঝর্ণাপাড়া এলাকাকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে অবিলম্বে বিশেষ পুলিশি অভিযান জোরদার করার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান বক্তারা। প্রেস বিজ্ঞপ্তি।












