জাতিসংঘে বাংলাদেশের ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গৃহীত

| রবিবার , ২৬ জুলাই, ২০২৬ at ৫:৩৮ পূর্বাহ্ণ

সংলাপ, সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বাংলাদেশের উত্থাপিত একটি প্রস্তাব গ্রহণ করেছে জাতিসংঘ সাধারণ পরিষদ। গত শুক্রবার সাধারণ পরিষদের এক বৈঠকে ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি (কালচার অব পিস) বিষয়ক ঘোষণা ও কর্মসূচির বাস্তবায়নের অগ্রগতি’ শীর্ষক এ প্রস্তাবটি সদস্য দেশগুলোর সংখ্যাগরিষ্ঠ ভোটে গৃহীত হয় বলে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। খবর বিডিনিউজের।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে প্রস্তাবটি উপস্থাপন করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী। এ সময় তিনি বলেন, শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও সহনশীল সমাজ গড়ে তুলতে অব্যাহত সংলাপ, পারস্পরিক বোঝাপড়া, বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধাবোধ এবং জাতিসংঘ সনদের নীতিমালার প্রতি দৃঢ় অঙ্গীকার অপরিহার্য। প্রস্তাবটির বিষয়ে গঠনমূলক সম্পৃক্ততা ও ব্যাপক সমর্থনের জন্য সদস্য রাষ্ট্রগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। বিভাজনের পরিবর্তে সংলাপ, সংঘাতের পরিবর্তে সহযোগিতা এবং অসহিষ্ণুতার পরিবর্তে পারস্পরিক বোঝাপড়াকে এগিয়ে নিতে সম্মিলিত প্রচেষ্টা জোরদার করার আহ্বান জানান সালাহউদ্দিন নোমান।

পূর্ববর্তী নিবন্ধফ্যামিলি কার্ড প্রকল্পে তথ্য সংগ্রহকারী নিয়োগে আবেদনের সময় বাড়ল
পরবর্তী নিবন্ধডা. সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারীর ওফাত বার্ষিকী পালিত