চিকিৎসাবঞ্চিত মানুষের সেবায় কাজ করছে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন : এমএ সালাম

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অনুদানের চেক পেলেন ৭৭ দরিদ্র রোগী

| বুধবার , ২৪ জুন, ২০২৬ at ১০:৪৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আবদুস সালাম বলেছেন, দরিদ্র ও অসহায় রোগীদের সেবা করা শুধু মানবিক দায়িত্ব নয়, এটি একটি মহৎ ইবাদত ও সামাজিক কর্তব্য। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এই মানবিক উদ্যোগ দরিদ্র রোগীদের চিকিৎসা ব্যয় নির্বাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দীর্ঘমেয়াদি চিকিৎসার কারণে অনেক পরিবার আর্থিক সংকটে পড়ে। এ ধরনের সহায়তা রোগীদের চিকিৎসা অব্যাহত রাখতে এবং তাদের পরিবারকে কিছুটা স্বস্তি দিতে সহায়ক হবে। তিনি গতকাল মঙ্গলবার চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন আয়োজিত সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে জন্মগত হৃদরোগ, ক্যান্সার, কিডনি রোগসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত দরিদ্র ৭৭ জন রোগীকে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন সবসময় অসহায় ও সুবিধাবঞ্চিত রোগীদের জন্য কাজ করছে। দরিদ্র রোগীদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে হার্ট ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমি সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানাই, যাতে কোনো রোগী অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত না হন। ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক ডা.প্রবীর কুমারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন আজীবন সদস্য ইঞ্জিনিয়ার আলী আহমেদ ও খন্দকার বেলায়েত হোসেন। উপস্থিত ছিলেন আজীবন সদস্য আশিক ইবনে সাফা, হাসিনা আক্তার লিপি, ফাহিম তাজওয়ার প্রমুখ। অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ৭৭ জন রোগীকে ৫০ হাজার টাকা করে অনুদানের চেক বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধশিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা
পরবর্তী নিবন্ধকাউন্সিল চেয়ারপার্সন লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপুকে সংবর্ধনা