চান্দগাঁওয়ে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৬ নভেম্বর, ২০২৬ at ৪:৪৯ পূর্বাহ্ণ

নগরীর চান্দগাঁও থানাধীন ফরিদের পাড়া এলাকায় বিল্ডিংয়ে কাজ করার সময় বিদ্যুতের ১১ হাজার ভোল্টের তারে লেগে আবুল কাশেম (৫৫) নামে এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টা ১০মিনিটে চান্দগাঁওয়ের ফরিদের পাড়া আজমের বিল্ডিংয়ে কাজ করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে স্থানীয় উন্নয়নকর্মী ও সংগঠক লোকমান হোসেন মুন্না জানান, নির্মাণাধীন এই বিল্ডিংটি বিদ্যুতের ১১ হাজার ভোল্টের তারের একেবারে কাছে হওয়ায় ছাদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিক আবুল কাশেম নিচে পড়ে মৃত্যু হয়। নিচে পড়ে ওই শ্রমিকের মাথা বিকৃত হয়ে গেছে। এলাকাবাসীর অভিযোগ, নির্মাণাধীন এই বিল্ডিংয়ের ছাদ বিদ্যুতের তারের নিচে নিয়ে আসার কারণেই কাজ করায় নির্মাণ শ্রমিকের এভাবে মর্মান্তিক ভাবে মৃত্যু ঘটেছে। এদিকে বাবার মৃত্যুর খবর পেয়ে নিহত আবুল কাশেমের ছোট মেয়ে ফারজানা ঘটনাস্থলে আসলে বাবার এমন মর্মান্তিক মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন। এসময় তার আহজারিতে পুরো এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।

পুলিশ জানায়, নিহত আবুল কাশেমের বাড়ে ব্রাহ্মণবাড়িয়া জেলায়। চট্টগ্রামে তিনি পরিবার নিয়ে গরিব উল্লাহ ডেবার পাড় এলাকায় থাকেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে চমেক হাসপাতালে মর্গে পাঠিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধমাদক ও কিশোরগ্যাংয়ের বিরুদ্ধে অভিযান, বাকলিয়ায় গ্রেপ্তার ১৬