বিশ্ব লিভার দিবস উপলক্ষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হেপটোলজি বিভাগের উদ্যোগে এবং লিভার কেয়ার সোসাইটির সহযোগিতায় হেপাটোলজি বিভাগে বিনামূল্যে হেপাটাইটিস বি রক্ত পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি উদ্বোধন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দীন। তিনি বলেন, লিভারের অধিকাংশ রোগই জটিল, দীর্ঘমেয়াদি এবং চিকিৎসাও ব্যয়বহুল। তাই সচেতনতার মাধ্যমে লিভারের রোগ প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। তিনি জনসচেতনতা তৈরিতে লিভার কেয়ার সোসাইটির বিভিন্ন কার্যক্রমের ভুয়সী প্রশংসা করেন। কর্মসূচির আওতায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের রোগী ও স্টাফদের মধ্যে বিনামূল্যে ‘হেপাটাইটিস বি’ রক্ত পরীক্ষা করা হয়।
হেপাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এবিএম আদনানের সভাপতিত্বে অনুষ্ঠানে লিভার কেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ও হেপটোলজি বিভাগের অধ্যাপক ডা. আবদুল্লাহ আল মাহমুদ বলেন, বর্তমানে বিশ্বে প্রায় দেড়শ কোটি মানুষ লিভারের বিভিন্ন রোগে ভুগছেন এবং প্রতি বছর প্রায় বিশ লাখ মানুষ লিভার রোগে মারা যাচ্ছেন । স্বাস্থ্য সচেতনতা, জীবনধারা পরিবর্তন এবং সুনির্দিষ্ট স্বাস্থ্য পলিসি গ্রহণের মাধ্যমে লিভারের শতকরা নব্বই ভাগ রোগই প্রতিরোধ করা সম্ভব । দিবসটির প্রতিপাদ্য বিষয়ে আলোকপাত করে তিনি বলেন, সুষম খাদ্য গ্রহণ, নিয়মিত হাঁটাহাঁটি বা শরীরচর্চা, মদ্যপান পরিহার করা এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে লিভারের রোগ প্রতিরোধ করা সম্ভব। এসময় আরও উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ সালাহউদ্দিন সাহেদ চৌধুরী, সহকারী রেজিস্ট্রার ডা. আবদুল মুমিন, সিনিয়র স্টাফ নার্স কামরুন নাহারসহ লিভার কেয়ার সোসাইটির স্বেচ্ছাসেবকবৃন্দ।














