পতেঙ্গায় শিশু সোহাগ হত্যা মামলায় রিকশা চালকের মৃত্যুদণ্ড

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৬ নভেম্বর, ২০২৬ at ৪:৪৯ পূর্বাহ্ণ

নগরীর পতেঙ্গায় আট বছরের শিশু সোহাগ হত্যা মামলায় এক রিকশা চালককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। তার নাম মো. ইমন হোসেন (২৮)। তিনি ভোলা জেলার চরফ্যাশন উপজেলার নুরাবাদ এলাকার বাসিন্দা। গতকাল চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত–১১ এর বিচারক নিষ্কৃতি হাগিদক এই রায় ঘোষণা করেন। এসময় অনুপস্থিত থাকায় (পলাতক) ইমন হোসেনের বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করা হয়েছে। আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ দৈনিক আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ১২ জন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক এ রায় ঘোষণা করেছেন। মৃত্যুদণ্ডের পাশাপাশি ইমন হোসেনকে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরো ১বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালতসূত্র জানায়, ২০১৮ সালের ৮ মার্চ পতেঙ্গার খালপাড় এলাকায় আট বছরের শিশু সোহাগ খুনের ঘটনাটি ঘটে। এ ঘটনায় সোহাগের বাবা মো. ফারুক হোসেন ভূঁইয়া বাদী হয়ে পতেঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজহারে বলা হয়, ঘটনার দিন শিশু সোহাগ খেলছিল। এ সময় রিকশাচালক ইমন হোসেন তাকে বরই খাওয়ানোর প্রলোভন দেখিয়ে নুরাবাদ এলাকার চেয়ারম্যান গলির একটি পরিত্যক্ত ভাড়া ঘরে নিয়ে যান। সেখানে শিশুটিকে ৫০ টাকা দিয়ে অনৈতিক কাজে প্রলুব্ধ করার চেষ্টা করেন। তখন সোহাগ চিৎকার করে পালানোর চেষ্টা করলে ইট দিয়ে তার মাথা ও কপালে উপর্যপরি আঘাত করে ইমন। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। মামলার এজহারে আরো বলা হয়, শিশু সোহাগকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে ঘটনার দিন সন্ধায় ঘটনাস্থল থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার হয়। গ্রেপ্তার হয় ইমন। আদালতসূত্র জানায়, তদন্ত শেষে পুলিশ এ মামলায় চার্জশিট দাখিল করলে ২০১৯ সালের ২৭ আগষ্ট ইমনের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক। এরই ধারাবাহিকতায় সাক্ষ্যগ্রহন, যুক্তিতর্ক শুনানি শেষে মামলার রায় ঘোষণা করা হয়েছে বলে বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধমাদক ও কিশোরগ্যাংয়ের বিরুদ্ধে অভিযান, বাকলিয়ায় গ্রেপ্তার ১৬
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরো ৫০ শিশু হাসপাতালে ভর্তি