নগরীতে কিশোর গ্যাং, চাঁদাবাজি ও মাদকের বিস্তার রোধ করা না গেলে নগরী দ্রুতই বাসযোগ্যতা হারাবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম।
তিনি বলেন, নগরবাসীর নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে কিশোর গ্যাং, চাঁদাবাজি, মাদকসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড। এসব অপরাধের কারণে নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা অতিষ্ঠ হয়ে উঠেছে। চট্টগ্রামকে একটি নিরাপদ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে এসব অপরাধের বিরুদ্ধে দল–মতনির্বিশেষে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে।
গতকাল বুধবার মহানগরী জামায়াতের দেওয়ানবাজারস্থ কার্যালয়ের কনফারেন্স রুমে মহানগর যুব বিভাগের নেতৃবৃন্দের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াতে ইসলামী মহানগরীর যুব বিভাগের সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ শামসুজ্জামান হেলালীর সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি আ ন ম জোবায়েরের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন, শফিউল আলম, মাহবুবুর রহমান, ইঞ্জিনিয়ার মনজুরুল হক, অহিদুল কাদের, মাসুদ হোসাইন, ওয়াসি উদ্দিন আনসারী, তানবীর আহমদ মানিক, মুহাম্মদ আলী, খালেদ সাইফুল্লাহ্ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।










