চবির সেই ইমামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয়নি

চবি প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:৫৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ফরেস্ট্রি অ্যান্ড অ্যানভায়রনমেন্টাল সায়েন্স মসজিদের পেশ ইমাম শহিদুল ইসলামের বিরুদ্ধে উঠা শিশু নির্যাতনের অভিযোগের সত্যতা প্রমাণিত হয়নি। এ ঘটনায় গঠিত বিশ্ববিদ্যালয়ের তদন্ত প্রতিবেদন অনুযায়ী এমন তথ্য পাওয়া গেছে। শহিদুল ইসলাম হাটহাজারী উপজেলার মৃত ফয়েজ আহাম্মদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর এস এম মনিরুল হাসান আজাদীকে বলেন, তদন্ত প্রতিবেদন জমা হয়েছে। এতে ইমামের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছিল, সেসবের সত্যতা পাওয়া যায়নি। তিনি পদে বহাল রয়েছেন। এখন প্রশাসনিক ভবনে দায়িত্ব পালন করছেন।
এর আগে গত ৮ ডিসেম্বর ফরেস্ট্রি ইনস্টিটিউটের ক্যান্টিনের মো. সাগর হোসেন নামে এক বালককে যৌন নির্যাতনের অভিযোগ উঠে শহিদুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় শহিদুল ইসলামকে মারধর করে উপস্থিত জনতা। পরের দিন ৯ ডিসেম্বর এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
তদন্ত কমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ সাইদুল ইসলাম সোহেল আজাদীকে বলেন, আমরা মাস খানেক তদন্ত প্রতিবেদন জমা দিয়েছি। তবে এ ব্যাপারে কিছু বলতে পারবো না। এটা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ব্যাপার।

পূর্ববর্তী নিবন্ধমুক্তিযুদ্ধে চট্টগ্রাম গ্রন্থের পাঠ উন্মোচন আজ
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় গ্রাম ডাক্তার ঐক্য কল্যাণ সোসাইটির সম্মেলন