চট্টগ্রামে নতুন করে আরো ৬৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ১ হাজার ৮৪৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। এরমধ্যে চলতি আগস্টে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৩ জন। এছাড়া গতকাল সর্বশেষ ২৪ ঘণ্টায় মহিন উদ্দিন নামের সন্দ্বীপের ৩৫ বছর বয়সী এক যুবক মারা গেছেন। সব মিলিয়ে চলতি বছর মোট মৃত্যু হয়েছে চারজনের। এরমধ্যে দুইজন পুরুষ ও দুইজন মহিলা। এর আগে গত জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত হয় ৫৩৬ জনের এবং মৃত্যু হয় দুইজনের। এছাড়া জুন মাসে আক্রান্ত ১২২ জন, মে মাসে ৩৭ জন, এপ্রিলে ২৯ জন, মার্চে ২০ জন, ফেব্রুয়ারি ২২ জন ও মৃত্যু ১ জন এবং জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ৬৮ জন। এদিকে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সর্বশেষ ২৪ ঘণ্টায় ৬৯ জন ডেঙ্গু আক্রান্তের মধ্যে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩২ জন, ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে ১১ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১৭ জন, সিএমএইচ হাসপাতালে ২ জন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৭ জন। অন্যদিকে চলতি বছর মোট আক্রান্ত রোগীদের মধ্যে ১ হাজার পুরুষ, ৪৯৪ জন মহিলা এবং ৩৫৩ জন শিশু রয়েছে। উল্লেখ্য, গত বছর ২০২৫ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৮৬৪ জন এবং মারা যান ২৭ জন। এছাড়া ২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩২৩ জন এবং মারা যান ৪৫ জন।










