কৃষি বিজ্ঞান পাঠদান আরও আকর্ষণীয় চান নজরুল

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৬ ডিসেম্বর, ২০২১ at ৬:৩১ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ার ছেলে নজরুল ইসলাম। চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি (আইআইইউসি) থেকে ইংরেজি সাহিত্যে অর্জন করেছেন এম.এ ডিগ্রী। এরপর অন্য আর দশজন ছাত্রের মতো চাকরির পিছে না ছুটে ফিরে যান নিজ গ্রামে। সেখানে গড়ে তুলেছেন কৃষি প্রজেক্ট। সেই প্রজেক্টে তিনি আধুনিক পদ্ধতিতে গরু, মহিষ, মাছ চাষের পাশাপাশি ধান ও বিভিন্ন ফসলের চাষাবাদ করে সফল হন। কৃষক এবং উদ্যোক্তা নজরুল ইসলাম জানালেন বিজয় দিবসে তার ভাবনা।
তিনি বলেন, স্বাধীনতা পরবর্তী প্রথম ২৫ বছরে কৃষিতে তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি। গত এক দশক ধরে কৃষি ক্ষেত্রে মোটামুটি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তবে, এ পরিবর্তন গত ২ বছর ধরে বেশি লক্ষণীয়। কারণ, এ সময়ে সরকারের দেওয়া কৃষকের জন্য ৪% হার সুদের প্রণোধনা প্যাকেজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
নজরুল বলেন, কৃষি ক্ষেত্রে আমাদের আরো এগিয়ে যাওয়া সম্ভব। সেজন্য মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য কৃষি বিজ্ঞান পাঠদানকে আকর্ষণীয় করতে হবে। যাতে তাদের কৃষির প্রতি অনুরাগের সৃষ্টি হয়। পাশাপাশি কৃষকের উৎপাদিত পণ্য যাতে ন্যায্যমূল্য পায়, সেদিকে বিশেষ নজর দিতে হবে। উৎপাদিত উদ্ধৃত পণ্য সংরক্ষণের জন্য উপজেলা পর্যায়ে সংরক্ষণাগারের ব্যবস্থা করতে হবে। কৃষকদেরকে পণ্য প্রক্রিয়াজাতকরণ কৌশল শিখাতে হবে। পাশাপাশি প্রক্রিয়াজাত শস্য যাতে জনগণ ব্যবহার করে সেজন্য জনসচেতনতা সৃষ্টি করতে হবে।

পূর্ববর্তী নিবন্ধনারীর নিরাপত্তায় মানসিক পরিবর্তনের আশা শুচীর
পরবর্তী নিবন্ধসামগ্রিক উন্নয়নের পথে থাকা অন্তরায় দূর হোক