সামগ্রিক উন্নয়নের পথে থাকা অন্তরায় দূর হোক

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৬ ডিসেম্বর, ২০২১ at ৬:৩২ পূর্বাহ্ণ

ড. জাপান বড়ুয়া, বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। চীনের ‘উহান ইউনিভার্সিটি অব টেকনোলজি’ থেকে পিএইচডি করেছেন। বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক। বিজয়ের ৫০ বছরে জানালেন নিজের ভাবনা ও প্রত্যাশা।
ড. জাপান বলেন, স্বাধীন বাংলাদেশের ইতিহাস সংগ্রামের ইতিহাস। ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধে অর্জিত এ বিজয় বড় গৌরবের। আজ এই গৌরবের ৫০ বছর পূর্ণ করল লাল সবুজের বাংলাদেশ। দীর্ঘ পথচলায় অনেক কন্টাকাকীর্ণ পথ পাড়ি দিয়ে আজকের এই বাংলাদেশ। এই সময়ে দেশের অনেক প্রাপ্তি যেমন রয়েছে, রয়েছে অনেক অর্জন। বিজয়ের সুবর্ণজয়ন্তীতে এসে দেশ আজ উন্নয়নের অগ্রযাত্রায়, অনেকটা স্বনির্ভরের পথে। কিন্তু টেকসই উন্নয়ন বলতে যা বুঝায়, প্রকৃতভাবে সেটি কম মাত্রায় লক্ষনীয়। উন্নত দেশের উন্নয়নের সাথে সমান্তরাল হতে হলে টেকসই এবং সবাইকে সম্পৃত্ত করে উন্নয়ন কর্ম অন্যতম পূর্বশর্ত। মুক্তিযুদ্ধের মূল দর্শন ছিল অসামপ্রদায়িক চেতনা ও অর্থনৈতিক সাম্যের দেশ গড়া। কিন্তু দেশে বিভিন্ন ভাবে ব্যক্তিগত উন্নয়ন (তাও নির্দিষ্ট একটি অংশের) দ্রুততম সময়ে ঘটলেও সামগ্রিক উন্নয়নের চিত্র ধীরগতির বলা চলে।
তিনি বলেন, সামগ্রিক উন্নয়নের পথে দুর্নীতি আজ বড় ধরণের অন্তরায়। দেশের মোট জনসংখ্যার উল্লেখযোগ্য একটি অংশ এখনো অর্থনৈতিক মুক্তির স্বাদ পায়নি। এখনো মানুষে-মানুষে বৈষম্য প্রকট। এই দুর্নীতি ও বৈষম্য নিরসনের ক্ষেত্রে সুশাসনও একটি বড় ধরণের প্রভাবক। সামগ্রিক উন্নয়নের পথে যেসব প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলো চিহ্নিত করে সরকার টেকসই এবং সম্পৃত্তমূলক উন্নয়ন তরান্বিত করবে, বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে সেটাই আমাদের প্রত্যাশা।

পূর্ববর্তী নিবন্ধকৃষি বিজ্ঞান পাঠদান আরও আকর্ষণীয় চান নজরুল
পরবর্তী নিবন্ধনিরাপত্তা নিশ্চিত করে পারকিতে জাহাজ কাটার অনুমতি