সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রামের সাবেক কাস্টমস এপ্রেইজার আবদুল মান্নান মজুমদার ও তার স্ত্রী তাসনুভা চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার দুদক, চট্টগ্রাম-১ এর সহকারী পরিচালক মো. এমরান হোসেন বাদী হয়ে মামলাটি করেন।
মামলার এজহারে বলা হয়, আসামিরা ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বরের দিকে পরস্পর যোগসাজশে দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে এক কোটি ৪২ লাখ ২২ হাজার ৭৪৫ টাকার সম্পদ অর্জনের গোপন এবং এক কোটি ৬১ লাখ ৯৬ হাজার ৪০৮ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। যেটি দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬(২), ২৭(১) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২), ও ৪(৩) ধারাসহ দণ্ডবিধির ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ।
উল্লেখ্য, আবদুল মান্নান মজুমদার কুমিল্লা জেলার চৌদ্দগ্রামের নেওড়া গ্রামের মৃত আবদুল গণি মজুমদারের ছেলে। তিনি বর্তমানে ঢাকার পানগাঁওয়ের শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।













