কর্ণফুলী উপজেলার বড়উঠান এইচ এ খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। গত সোমবার রাতে বিদ্যালয়ের তালা ভেঙে ল্যাপটপ, প্রজেক্টর ও ফ্যানসহ মূল্যবান সরঞ্জাম নিয়ে গেছে চোরেরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানিজ প্রশি জানান, মঙ্গলবার সকালে বিদ্যালয়ে এসে তারা চুরির বিষয়টি টের পান। চোরেরা বিদ্যালয়ের বিভিন্ন কক্ষের তালা ভেঙে চারটি সিলিং ফ্যান, টেবিল ফ্যান ও বাদ্যযন্ত্র (হারমোনিয়াম) নিয়ে গেছে। এছাড়া অফিসের জরুরি কাগজপত্র তছনছ করা হয়েছে। এতে প্রতিষ্ঠানের প্রায় লক্ষাধিক টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। প্রধান শিক্ষক আরও জানান, চুরির এই ঘটনায় কর্ণফুলী থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দা ও শিক্ষকদের দাবি, নৈশপ্রহরী না থাকায় কর্ণফুলীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায়ই এ ধরনের চুরির ঘটনা ঘটছে। কর্ণফুলী থানার ওসি শাহীনূর আলম বলেন, চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চোর চক্রটিকে ধরতে পুলিশ কাজ শুরু করেছে।












