টিয়ায় গভীর রাতে আগুন, পুড়ল ঘর-ধান-সুপারি

পটিয়া প্রতিনিধি | বুধবার , ১৩ মে, ২০২৬ at ৭:৫১ পূর্বাহ্ণ

পটিয়ায় গভীর রাতে রান্নাঘরের চুলা থেকে ছড়িয়ে পড়া আগুনে তিনটি বসতঘর পুড়ে গেছে। গত রোববার দিবাগত রাত ১ টার দিকে পৌরসভার ৪ নং ওয়ার্ডের মির্জাবাড়িতে এ ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে মোহাম্মদ কুতুব উদ্দীন আজিম, মো. শওকত আলী ও মো. ইদ্রিসের বসতঘর ও মূল্যবান মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, এতে অন্তত পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আশপাশের বাড়িঘরে আগুন ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায় এলাকাবাসী।

ক্ষতিগ্রস্ত কুতুব উদ্দীন আজিম জানান, মো. ইদ্রিসের রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। রাতের বেলায় সবাই ঘুমিয়ে থাকায় মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

এতে তার দোতলা পাকা বাড়ির আসবাবপত্র, টেলিভিশন, থাই গ্লাসসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী পুড়ে যায়। তিনি আরও জানান, শওকত আলীর টিনশেড ঘরে রাখা ১০০ আড়ি ধান, ব্যবসার জন্য মজুত করা ৬ ড্রাম সুপারি ও অন্যান্য মালামাল আগুনে পুড়ে গেছে। এছাড়া মো. ইদ্রিসের বেড়ার তৈরি একটি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।

পটিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ রাজেস বড়ুয়া বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি
পরবর্তী নিবন্ধবাজুস চট্টগ্রাম শাখার নির্বাচন বোর্ড ও আপিল বোর্ডের প্রস্তুতি সভা