ভারতীয় সংগীতজগতের কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের মৃত্যুর পর তার ২৫০ কোটি রুপির (প্রায় ৩৩০ কোটি টাকা) সম্পদের তথ্য সামনে এসেছে। তার রেখে যাওয়া সম্পত্তির মধ্যে রয়েছে চেইন রেস্তোরাঁ ও রিয়েল এস্টেট। খবর বিডিনিউজের।
আশা ভোঁসলে যখন সিনেমায় গান গাওয়া শুরু করেন, সে সময় গানের রয়্যালটি পেতেন না শিল্পীরা; শুধু পারিশ্রমিক পেতেন। প্রায় আট দশকের সঙ্গীত জীবনে গানের পারিশ্রমিক থেকে উল্লেখযোগ্য অর্থ আয় করেছেন তিনি। এছাড়া বিশ্বজুড়ে বহু কনসার্টে অংশ নেন আশা ভোঁসলে। যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, আরব আমিরাতসহ বিভিন্ন দেশে কনসার্টে অংশ নেন বরেণ্য এই শিল্পী। গানের পাশাপাশি ‘আশাজ’ নামে একটি রেস্তোরাঁ চেইনও প্রতিষ্ঠা করেছিলেন আশা ভোঁসলে। ২০০২ সালে দুবাইয়ে যাত্রা শুরুর পর কুয়েত, বাহরাইন ও যুক্তরাজ্যের বার্মিংহাম ও ম্যানচেস্টারসহ বিশ্বের ১০টি শহরে এই রেস্তোরাঁ চেইনের শাখা রয়েছে। এনডিটিভি বলেছে, আশা ভোঁসলের প্রায় ৮০ থেকে ১০০ কোটি রুপির সম্পত্তি রয়েছে ভারতের বিভিন্ন শহরে। এর মধ্যে মুম্বাই ও পুনের আবাসিক এলাকায় জমি এবং একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট রয়েছে। অ্যাপার্টমেন্টটি পরে তিনি বিক্রি করে দেন। আশা ভোঁসলের তিন সন্তানের মধ্যে জীবিত আছেন একজন আনন্দ ভোঁসলে। তিনি মায়ের শেষ সময় পর্যন্ত পাশে থেকেছেন।














