লেনদেনভিত্তিক ‘রেফারেন্স রেট’ চালু করছে কেন্দ্রীয় ব্যাংক

| মঙ্গলবার , ১৪ এপ্রিল, ২০২৬ at ৫:০৮ পূর্বাহ্ণ

দেশের আর্থিক খাতে সুদহার কত চলছে, তার একটি ধারণা দিতে দৈনিক দুটি ‘রেফারেন্স রেট’ প্রকাশ করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। বুধবার থেকে সুদহারের এ মানদণ্ড প্রকাশ করা হবে। সোমবার কেন্দ্রীয় ব্যাংকের সংবাদ সম্মেলনে বলা হয়, বন্ড, ‘ফ্লোটিং রেটের’ পণ্য ও বিভিন্ন আর্থিক চুক্তিতে সুদহার কত হতে পারে, তার একটি ধারণা সূচক (প্রাইস ইন্ডিকেটর) হিসেবে এই ‘রেফারেন্স রেট’ কাজ করবে। বাজারভিত্তিক ঋণ সুদহার নির্ধারণে আন্তর্জাতিকভাবে এসওএফআর বা সোফার রেট ব্যবহার হয়। এখন কেন্দ্রীয় ব্যাংকও ‘বাংলাদেশ ওভারনাইট ফাইন্যান্সিং রেট’ (বিওএফআর) প্রকাশ করবে। প্রকাশ করা হবে ‘ঢাকা ওভারনাইট মানি মার্কেট রেটও’ (ডিওএমএমআর)। এর মাধ্যমে সুদহারের নিজস্ব রেফারেন্স রেট থাকা দেশের তালিকায় যুক্ত হবে বাংলাদেশ। খবর বিডিনিউজের।

দুটি রেফারেন্স রেটের মধ্যে বিওএফআর ঝুঁকিমুক্ত। আগের দিনে ব্যাংকগুলোর মধ্যে আন্তঃব্যাংক রেপো (সিকিউরড) অর্থাৎ শতভাগ জামানতের বিপরীতে ব্যাংকের দেওয়া স্বল্প মেয়াদী ঋণের সুদহারের গড় তথ্যর আলোকে তৈরি করা হবে বিওএফআর। প্রথম দিকে দৈনিক ও এক সপ্তাহ মেয়াদী সুদহারের রেফারেন্স রেট জানানো হবে বিওএফআরে।

সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা বিভাগের পরিচালক ও সহকারি মুখপাত্র মোহাম্মদ শহারিয়ার সিদ্দিকী বলেন, “এটি আগাম কোনো রেফারেন্স রেট না। আগের দিনের লেনদেনের ভিত্তিতে সুদহার কত হয়েছে, তা জানানো হবে। এটি চূড়ান্ত সুদহারও না। গ্রাহকদের জন্য একটি ধারনা সূচক হিসেবে কাজ করবে।”

এ রেফারেন্স সুদহারের সঙ্গে যোগ বা বিয়োগ করেও ঋণ সুদহার নির্ধারণ করা যাবে বলে জানিয়েছেন ঋণ ব্যবস্থাপনা বিভাগের পরিচালক ইস্তেকমাল হোসেন।

কেন্দ্রীয় ব্যাংক বলেছে, রেফারেন্স রেটের চেয়ে ‘অস্বাভাবিক’ কম বা বেশি সুদহার নির্ধারণ কিংবা বাজারভিত্তিক সুদহারকে ‘ম্যানিপুলেট’ (প্রভাবিত) করার চেষ্টা হচ্ছে কিনা, তা নজরদারি করা হবে।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রের হরমুজ প্রণালি অবরোধ সমর্থন করবে না যুক্তরাজ্য