বোয়ালখালীতে সিএনজি টেম্পোর সঙ্গে সংঘর্ষে কক্সবাজারমুখী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ৬টি দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটি দরজা খুলে পড়ে যায়। এ ঘটনায় শিশুসহ দুই যাত্রী আহত হয়েছে। গতকাল সোমবার দুপুর পৌনে ১ টার দিকে বোয়ালখালী পৌর সদরে থানার নতুন কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, রেললাইনের পাশে একটি সিএনজি টেম্পু পার্ক করে রাখা ছিল। কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া পর্যটক এক্সপ্রেস ওই স্থান অতিক্রম করার সময় টেম্পুটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে টেম্পুটির একাংশ ক্ষতিগ্রস্ত হয়। একই সময় ট্রেনের একটি দরজা খুলে পড়ে যায়। এ ঘটনায় ট্রেনে থাকা দুইজন যাত্রী আহত হন। তাদের মধ্যে এক শিশুর হাত কেটে যায়। আহত যাত্রীদের নাম–ঠিকানা জানা যায়নি।
গোমদণ্ডী রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ারুল তারেক বলেন, সংঘর্ষের ঘটনায় পর্যটক এক্সপ্রেস ট্রেনের ৬টি দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে শিশুসহ দুই যাত্রী আহত হয়েছে। দুর্ঘটনার জন্য দায়ী টেম্পুটি এবং খুলে পড়া দরজাটি হেফাজতে রাখা হয়েছে। রেলওয়ের পয়েন্টম্যান রফিকুল ইসলাম বলেন, রেললাইনের পাশে গাড়ি পার্ক করে রাখার কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটছে। খুলে পড়া দরজাটি উদ্ধার করে গোমদণ্ডী স্টেশনে রাখা হয়েছে।












