বিকালে ১শ দোকান উচ্ছেদ, কিছুক্ষণ পর আবার একই চিত্র

জামালখান, মোমিন রোড ও আন্দরকিল্লা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৫ আগস্ট, ২০২৬ at ৬:০৯ পূর্বাহ্ণ

নগরের কোতোয়ালী থানার জামালখান, মোমিন রোড ও আন্দরকিল্লায় ফুটপাত ও রাস্তার উপর থেকে ১০০টি অবৈধ টং দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। গতকাল সোমবার বিকেলে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খান।

এদিকে অভিযানের পর অল্প সময়ের মধ্যে আবারও সড়ক ও ফুটপাতে ভাসমান দোকান বসে যায়। আন্দরকিল্লা থেকে চেরাগী মোড় পর্যন্ত সড়কের দুইপাশেই অসংখ্য ভ্যান গাড়ি নিয়ে বিভিন্ন পণ্য বিক্রি করতে দেখা যায়। আন্দরকিল্লা মোড়ে বিভিন্ন সবজি বিক্রেতা দখল করে সড়কের বড় অংশ। এতে সড়ক সংকুচিত হয়ে পড়ে। সৃষ্টি হয় যানজট। ভোগান্তি হয় পথচারীদের।

অভিযানের বিষয়ে চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ জানান, অভিযানে ১০০টি অবৈধ টং দোকান উচ্ছেদ করে ফুটপাত সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ফুটপাতের উপর দোকান বসানো ও সর্বসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার দায়ে ১০ জন মোটরবাইক চালক, সাদিয়াস কিচেন ও জুসবারসহ ৪টি দোকানের বিরুদ্ধে মামলা করে ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। তিনটি টং দোকান জব্দ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারমুখী পর্যটক এক্সপ্রেসের ৬টি দরজা ক্ষতিগ্রস্ত
পরবর্তী নিবন্ধনাইক্ষ্যংছড়ি সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণ, যুবকের মৃত্যু