একাদশ শ্রেণিতে ভর্তির ফল প্রকাশ

| বৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর, ২০২৬ at ৬:৫৮ পূর্বাহ্ণ

একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হয়েছে, যে ফল জানার অপেক্ষায় রয়েছে প্রায় ১০ লাখ শিক্ষার্থী। গতকাল বুধবার রাত ৮টায় একাদশ শ্রেণিতে ভর্তির নির্ধারিত ওয়েবসাইটে (xiclassadmission.gov.bd) এ ফল প্রকাশ করা হয় বলে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। শিক্ষার্থীরা ওই ওয়েবসাইটে গিয়ে নিজেদের এসএসসি বা সমমান পরীক্ষার রোল নম্বর, শিক্ষা বোর্ডের নাম, পাসের সন ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল দেখতে পারছেন। শিক্ষা মন্ত্রণালয় বলছে, এসএমএস এর মাধ্যমেও ফলাফল পাঠানো হচ্ছে। ফলাফলের ভিত্তিতে এখন নির্বাচন নিশ্চিত করতে নিশ্চায়ন ফি দিতে হবে। খবর বিডিনিউজের।

কলেজে ভর্তি হওয়ার জন্য শিক্ষার্থীরা গত ১০ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত আবেদন করার সুযোগ পেয়েছেন। ওই সময় পর্যন্ত আবেদন করেছেন নয় লাখ ৯৫ হাজার ২৩৪ জন শিক্ষার্থী। একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা অনুযায়ী, একজন শিক্ষার্থী এবার আবেদন করার সময় সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানের পছন্দক্রম দিতে পেরেছেন। মেধা, প্রযোজ্য ক্ষেত্রে কোটা ও পছন্দক্রমের ভিত্তিতে তাকে একটি প্রতিষ্ঠানে ভর্তির জন্য নির্বাচন করা হয়েছে। সেই ফলই বুধবার প্রকাশ করা হয়েছে।

নির্বাচিত শিক্ষার্থীরা ১৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত নির্বাচন নিশ্চায়ন করতে পারবে। নিশ্চায়ন না করলে নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে। ২০ থেকে ২২ সেপ্টেম্বর নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নেবে কলেজ ও মাদ্রাসাগুলো। ২৩ সেপ্টেম্বর এ প্রতিষ্ঠানগুলোতে একাদশ শ্রেণির ক্লাস শুরুর হবে।

একাদশে ভর্তির জন্য অনলাইনে আবেদনের সময় শিক্ষার্থীদের ২২০ টাকা করে দিতে হয়েছে। এখন নির্বাচিত হওয়ার পর প্রাথমিক নিশ্চায়নের সময় শিক্ষা বোর্ডকে বিভিন্ন খাতে মোট ৩৪০ টাকা দিতে হবে। এর মধ্যে রেজিস্ট্রেশন, ক্রীড়া, রোভার/রেঞ্জার, রেড ক্রিসেন্ট, বিজ্ঞান ও প্রযুক্তি, বিএনসিসি এবং শিক্ষককল্যাণ ও অবসরসুবিধা ভাতার ফি রয়েছে। এর বাইরে প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে রেড ক্রিসেন্ট ফি বাবদ ২৪ টাকা এবং বার্ষিক ক্রীড়া মঞ্জুরি বাবদ ৪০০ টাকা নেওয়া যাবে।

কলেজে ভর্তির ফি প্রতিষ্ঠান, অবস্থান ও এমপিওভুক্তির ধরন অনুযায়ী নির্ধারিত হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধফেসবুকে ভিডিও প্রকাশের বিরোধ থেকে খুন, গ্রেপ্তার ১২
পরবর্তী নিবন্ধমহেশখালীতে খুঁটিতে বেঁধে পিটিয়ে যুবক হত্যার ঘটনায় মামলা হয়নি, ১ জন গ্রেপ্তার