মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলমান সংঘাতের সমাধান না হলে ইরানকে সম্পূর্ণ ধ্বংসের হুমকি দেওয়ার দিনেই নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে ইরান ও যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা বৈঠক করেছেন। কাতারের মধ্যস্থতায় অনুষ্ঠিত এই বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের দূত স্টিভ উইটকফ অংশ নেন। গত জুনের যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর এটিই দুই পক্ষের মধ্যে প্রথম আলোচনা। তবে বৈঠক থেকে কোনো অগ্রগতির খবর পাওয়া যায়নি। খবর বিডিনিউজের।
উইটকফ বলেছেন, এক দফা আলোচনা শেষ হয়েছে। আমরা আশা করি আলোচনার এই পর্ব গঠনমূলক ও আশাব্যঞ্জক প্রমাণিত হবে। অন্যদিকে ইরান আবারও যুক্তরাষ্ট্রকে তাদের আগ্রাসী কর্মকাণ্ড বন্ধ করার দাবি জানিয়েছে।
২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে বিমান হামলা শুরু করে। এর জবাবে ইরান ইসরায়েল, উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটি এবং যুক্তরাষ্ট্রের আরব মিত্রদের ওপর হামলা চালায়। একইসঙ্গে তারা হরমুজ প্রণালিও বন্ধ করে দেয়। যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট ব্যবহৃত তেল ও তরল প্রাকৃতিক গ্যাসের প্রায় ২০ শতাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হত। প্রণালিটি বন্ধ হয়ে যাওয়ায় জ্বালানির দাম ওঠানামা করছে।











