রোয়াংছড়িতে আগুনে পুড়ল ৬ বসতঘর

বান্দরবান প্রতিনিধি | মঙ্গলবার , ১০ নভেম্বর, ২০২৬ at ৯:৩৫ পূর্বাহ্ণ

বান্দরবানের রোয়াংছড়ির দুর্গম বড়ইতলী পাড়ায় অগ্নিকাণ্ডে ছয়টি বসতঘর পুড়ে গেছে। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের আরও কয়েকটি বসতঘর। গতকাল সোমবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় সূত্রে জানা যায়, রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের দুর্গম বড়ইতলী পাড়ায় চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে গ্রামের পাহাড়ি জনগোষ্ঠীর ছয়টি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে যায়। এছাড়া আগুনে পাশের আরও কয়েকটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়। তবে এলাকাটি দুর্গম হওয়ায় এবং যাতায়াতের সুব্যবস্থা না থাকায় ফায়ার সার্ভিসের কর্মীরা রওনা দিয়েও ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি। পরে স্থানীয় বাসিন্দারা দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বিষয়টি নিশ্চিত করে রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, তারাছা ইউনিয়নের বড়ইতলী পাড়ায় অগ্নিকাণ্ডের খবর পেয়েছেন তারা। ঘটনাস্থল দুর্গম হওয়ায় তাৎক্ষণিকভাবে সেখানে পৌঁছানো সম্ভব হয়নি। গ্রামবাসীরা আগুন নিয়ন্ত্রণে এনেছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ সরেজমিন পরিদর্শনের পর জানা যাবে।

পূর্ববর্তী নিবন্ধআজ জাতীয় চাঁদ দেখা কমিটির সভা
পরবর্তী নিবন্ধঢাকা থেকে চুরি, চট্টগ্রামে যন্ত্রাংশ বিক্রির আগেই উদ্ধার ডাম্প ট্রাক