চট্টগ্রামের ঐতিহাসিক স্থাপনা ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণে উদাসীনতা কাম্য নয়

রেজাউল করিম স্বপন | মঙ্গলবার , ১০ নভেম্বর, ২০২৬ at ৯:০৯ পূর্বাহ্ণ

প্রতিবছর লাখ লাখ মানুষ মিসর যায় হাজার বছরের পুরোনো পিরামিড ও ঐতিহাসিক স্থাপনা দেখতে। ৩–৪ হাজার বছরের পুরোনো স্থাপনা সংরক্ষণ করে সেখানে দর্শনার্থীদের প্রদর্শন করা হয় এবং এখনো শত শত পুরোনো স্থাপনা নতুনভাবে আবিষ্কৃত হচ্ছে। আসলে পুরোনো ঐতিহ্য, স্থাপত্য ও নিদর্শন হলো একটি দেশের অমূল্য সম্পদ। যে জাতি এসব স্থাপনা সঠিকভাবে সংরক্ষণ করতে পারে, সে দেশ তত বেশি সমৃদ্ধ জাতি হিসেবে বিশ্বে প্রতিষ্ঠিত হয়। আমাদের নিকট প্রতিবেশী দেশ ভারতও ঐতিহ্যবাহী স্থাপত্য নিদর্শন সঠিকভাবে সংরক্ষণ করে তা বিশ্বের কাছে সঠিকভাবে উপস্থাপন করছে। ফলশ্রুতিতে তারা পর্যটন শিল্পের মাধ্যমে কোটি কোটি টাকা আয় করছে। শুধু মিসর বা ভারত নয়, বিশ্বের অনেক দেশ তাদের ঐতিহ্য, স্থাপত্য সংরক্ষণের মাধ্যমে পর্যটন শিল্প বিকশিত করে কোটি কোটি ডলার আয় করছে এবং শুধু পর্যটন শিল্পের ওপর নির্ভর করে টিকে আছে বহু দেশ।

তবে এক্ষেত্রে ব্যতিক্রম হলো বাংলাদেশ। স্বাধীনতার ৫৫ বছর পরেও আমরা আমাদের ঐতিহ্যবাহী স্থাপত্য নিদর্শনকে সঠিকভাবে সংরক্ষণ করতে পারিনি। ফলে প্রায় সব পুরোনো স্থাপত্য নিদর্শন বিলুপ্ত করে নিত্যনতুন স্থাপনা তৈরি করা হচ্ছে। আর যেগুলো এখনো অবশিষ্ট আছে, সেগুলোও সঠিকভাবে সংরক্ষণ করতে পারছি না। ফলশ্রুতিতে সব ঐতিহ্যবাহী স্থাপনা ও নিদর্শন জরাজীর্ণভাবে পড়ে আছে। হয়তো কয়েক বছর পর এগুলো বিলুপ্ত হয়ে যাবে। আরও বিস্ময়ের বিষয় হলো, এখনো এসব স্থাপনার সঠিক হিসাব ও তথ্য আমরা হালনাগাদ করতে পারিনি। যদিও প্রত্নতত্ত্ব অধিদপ্তর নামে সরকারের একটি সংস্থা আছে। যেখানে প্রতিবছর সরকার কোটি কোটি টাকা ব্যয় করে সেই সংস্থাটিকে টিকিয়ে রেখেছে।

একসময় চট্টগ্রামেও প্রচুর ঐতিহাসিক স্থাপনার নিদর্শন ছিল, কালের বিবর্তনে যেগুলো এখন বিলুপ্ত ও বিলুপ্তির পথে। তেমনই একটি নিদর্শন হলো ফটিকছড়ির ভূজপুরের কাজী বাড়ি। এটি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার ভূজপুর ইউনিয়নে অবস্থিত এক ঐতিহাসিক জমিদারবাড়ি। যা ১৮০০ সালে স্থাপিত হয় এবং এটি ৬০ কামরাবিশিষ্ট একটি জমিদারবাড়ি। এই বাড়ির বৈশিষ্ট্য হলো–এর এক কামরায় ফাঁসির কাষ্ঠ ছিল। যেখানে ব্রিটিশ আমলে ফাঁসি কার্যকর করার অনুমতি ছিল এবং বহু অপরাধীকে ফাঁসিও দেওয়া হয়েছে। বাড়িটি স্থানীয়দের কাছে কাজী বাড়ি ও মিঞা বাড়ি নামে পরিচিত। যদিও বর্তমানে বাড়িটির সব জায়গায় নতুন নতুন ঘর তৈরি করা হয়েছে। যেখানে বহু মানুষ পরিবার–পরিজন নিয়ে বসবাস করে। কিন্তু ফাঁসি কার্যকর করার ঘরটি জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে, কেউ ভয়ে দখল করেনি। কারণ সেখানে নাকি রাতে কান্নার আওয়াজ পাওয়া যায়।

চট্টগ্রামের আরেকটি বিখ্যাত ঐতিহাসিক স্থাপনা হলো সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের (পূর্বের চট্টগ্রাম মাদ্রাসা ও ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজ) ক্যাম্পাসের ভেতরে শতবর্ষী এ ঐতিহাসিক দারুল আদালত ভবন। যা স্থানীয়ভাবে ‘পর্তুগিজ ভবন‘ নামে পরিচিত। ভবনটি প্রায় এক শতাব্দী থেকে চারশো বছরের পুরোনো বলে অনেকের ধারণা। এটি ব্রিটিশ আমলে চট্টগ্রামের প্রথম আদালত বা ‘দারুল আদালত‘ হিসেবে ব্যবহৃত হতো। ১৬৬৬ সালে মুঘল সেনাপতি বুজুর্গ উমেদ খাঁ চট্টগ্রাম জয় করার পর এটি কাজী ভবন বা প্রশাসনিক কাজেও ব্যবহৃত হয়েছিল বলে জানা যায়। স্থাপত্যশৈলীর কারণে স্থানীয়রা একে পর্তুগিজ ভবন বলেন। কারও মতে এটি পর্তুগিজ বণিকদের নির্মিত একটি দুর্গ বা কার্যালয় ছিল। এই ভবনটির বিশেষত্ব হলো এখান থেকে উত্তরে কর্ণফুলী নদী থেকে শুরু করে পশ্চিমের বঙ্গোপসাগর পুরোটা দেখা যায়। তাই অনেকে এটিকে পুরোনো ওয়াচ–টাওয়ার হিসেবেও অভিহিত করেন। ১৮৭৯ সালে তৎকালীন চট্টগ্রাম মাদ্রাসা (যা পরবর্তীতে মহসিন কলেজে রূপান্তরিত হয়) ৩০ হাজার টাকায় এই ভবনসহ পাহাড়টি কিনে নেয়। একসময় এটি মহসিন কলেজের লাইব্রেরি ও বিভিন্ন কার্যক্রমে ব্যবহৃত হতো। বর্তমানে এটি পরিত্যক্ত ও জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। যেকোনো সময় ধসে পড়তে পারে।

চট্টগ্রাম নগরের আরেকটি ঐতিহাসিক স্থাপনা হলো চকবাজার অলি খাঁ মসজিদ। এত সুন্দর ঐতিহ্যবাহী স্থাপনার বর্তমান অবস্থা দেখলে হতাশ হতে হয়। হতাশ হতে হয় সার্কিট হাউসের পাশে গেলেও। ব্রিটিশ আমলের এই নান্দনিক স্থাপনার সৌন্দর্য রাস্তা থেকে দেখাই যায় না। হতাশ হতে হয় প্রীতিলতার স্মৃতিবিজড়িত পাহাড়তলীর ইউরোপিয়ান ক্লাবের বর্তমান অবস্থা দেখে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘরের সাবেক ডেপুটি কিউরেটর প্রয়াত গবেষক শামসুল হোসেন চট্টগ্রামের প্রত্নতাত্ত্বিক নিদর্শন নিয়ে ইটারনাল চিটাগং ও মুসলিম মন্যুমেন্ট অব চিটাগং নামে দুটি বই লিখেছিলেন। বই দুটিতে তিনি মোগল আমল, সুলতানি আমলসহ চট্টগ্রামে প্রাচীন যুগের ৩৬টি স্থাপনার কথা উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, ‘সরকার যদি জরিপ চালায়, চট্টগ্রামে এ রকম আরও বহু স্থাপনা পাওয়া যাবে।’ তাঁর বইয়ে সুলতানি আমলে স্থাপিত হাটহাজারীর ফকিরের মসজিদ, সীতাকুণ্ডের হাম্মাদিয়া মসজিদ এবং চট্টগ্রাম নগরের বদর আউলিয়ার মাজারের কথা উল্লেখ আছে। রয়েছে মোগল আমলে নির্মিত আন্দরকিল্লা শাহি জামে মসজিদ, মালখার মসজিদ, ওয়ালী বেগ খান মসজিদ, হামজারবাগ মসজিদ, হামজারবাগ গেট ও সমাধি, মোল্লা মিসকিন মসজিদ ও সমাধি, কদম মোবারক মসজিদ, বায়েজিদ বোস্তামী মসজিদ, চট্টেশ্বরী মন্দির, চন্দনপুরা শাহী জামে মসজিদ, সীতাকুণ্ডের শাহজানির মাজার ইত্যাদি।

পুরাকীর্তি আইন ১৯৬৮ (১৯৭৬ সালে সংশোধিত) অনুযায়ী, মানবসভ্যতার যেকোনো প্রাচীন (ন্যূনতম ১০০ বছরের পুরোনো) পণ্য, স্থাপত্য এবং যুদ্ধ, রাজনীতি ও সংস্কৃতির বিবরণকে পুরাকীর্তি বলা যেতে পারে। কোনো ঐতিহাসিক স্থানের ক্ষতি বা পরিবর্তন এই আইনে কঠোরভাবে নিষিদ্ধ।

তবে আশার কথা হলো, চট্টগ্রামের প্রত্নতত্ত্ব অধিদপ্তর গত বছর কর্ণফুলী, পটিয়া ও আনোয়ারা উপজেলায় প্রত্নতাত্ত্বিক জরিপ চালিয়েছে। অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের আঞ্চলিক অফিস সূত্রে জানা যায়, ‘তিনটি উপজেলায় প্রায় ৬০টি প্রাচীন স্থাপনা নতুন করে শনাক্ত করা হয়েছে। এগুলো ১০০ থেকে ১ হাজার বছরের পুরোনো। তাঁরা যাচাই–বাছাই করে বেশ কয়েকটি সংরক্ষিত স্থাপনার তালিকাভুক্ত করতে প্রস্তাব পাঠাবেন। তাঁদের অভিমত, কিছু কিছু পুরোনো স্থাপনা রক্ষণাবেক্ষণের স্বার্থে কিংবা ব্যবহারের উপযোগী করতে স্থানীয় লোকজন সংস্কার করেছেন। কিছু কিছু স্থাপনা একেবারেই ব্যবহারের অনুপযোগী ও পরিত্যক্ত হয়ে পড়ছে। সেগুলো সংরক্ষণের জন্য অগ্রাধিকার ভিত্তিতে তাঁরা প্রস্তাব দেবেন।

চট্টগ্রামের সঙ্গে জড়িয়ে আছে ইতিহাসের বহু ঐতিহাসিক অনুষঙ্গ। শত হাজার বছরের স্মৃতি রয়েছে এই ভূখণ্ডে। এখানে রয়েছে মোগল, সুলতানি, আরাকানি, ব্রিটিশ আমলসহ নানা সময়ের, নানা যুগের স্মৃতিচিহ্ন। যা আমরা যথাযথভাবে সংরক্ষণ করতে পারিনি। আসলে কোনো প্রাচীন স্থাপনার সান্নিধ্য আমাদের মনে পুরোনো সমাজের সাংস্কৃতিক স্মৃতিকে জাগিয়ে তোলে। জাগিয়ে তোলে ওই সময়কার মানুষের আচার–আচরণ ও তাদের জীবনাচার। শুধু তাই নয়, যেখানে এসব স্থাপনা হয়েছিল, সে অঞ্চলের জনগোষ্ঠীর চাওয়া–পাওয়া, চলন–বলন, রুচি, আর্থসামাজিক অবস্থা ইত্যাদিও প্রতিফলিত হয়। যা আমাদের ইতিহাস–ঐতিহ্যকে তুলে ধরে এবং মানুষের মনে এক ধরনের অনুপ্রেরণা জাগায়। নান্দনিক মূল্যবোধকে সমুন্নত করে। তাই সরকারের উচিত ঐতিহাসিক নিদর্শন ও স্থাপত্য নিদর্শনগুলোকে অতিদ্রুত সংরক্ষণের ব্যবস্থা করা, যাতে আমরাও একসময় এইসব অমূল্য ঐতিহাসিক স্থাপনা নিয়ে গর্ব করতে পারি।

লেখক: কলামিস্ট, প্রাবন্ধিক।

পূর্ববর্তী নিবন্ধমস্তিষ্কের রোগ নিয়ন্ত্রণে ৩ বিজ্ঞানী