পাহাড়–নদী–লেক আর ঝর্ণা ঘেরা পর্যটনের অপার সম্ভাবনার জেলা রাঙামাটিতে ধারণকৃত ইত্যাদির পর্বটি আবারো দেখা যাবে টিভি পর্দায়। আজ শুক্রবার (০১ মে) রাত আটটার বাংলা সংবাদের পর বিটিভিতে প্রচার হবে বিশেষ এই পর্ব।
রাঙামাটি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বিজিবি সেক্টর হেডকোয়ার্টারের অভ্যন্তরে লেক, সবুজ বনানী–পাহাড় আর অসাধারণ নৈসর্গিক দৃশ্য পরিবেষ্টিত সুউচ্চ হেলিপ্যাডে রাঙামাটির ঐতিহ্যের সঙ্গে সাদৃশ্য রেখে নির্মাণ করা আলোকিত মঞ্চের সামনে হাজার হাজার দর্শক নিয়ে প্রশংসিত বিশেষ পর্বটি ধারণ করা হয়েছিল ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে।
ইত্যাদির এই পর্বে দেশের প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশ বৈচিত্র আর রাঙামাটির চোখ জুড়ানো রঙ নিয়ে একটি বহুশ্রুত জনপ্রিয় গান ‘রাঙা মাটির রঙে চোখ জুড়ালো…’ গেয়েছেন চট্টগ্রামের জনপ্রিয় শিল্পী রবি চৌধুরী এবং রাঙামাটির চমচমি দেওয়ান। সাথে ছিলেন স্থানীয় শিল্পীবৃন্দ। এছাড়াও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় রয়েছে একটি ব্যতিক্রমী নাচ। বিষয় বৈচিত্রে ভরপুর ইত্যাদির এই পর্বে রয়েছে বেশ কয়েকটি হৃদয়ছোঁয়া প্রতিবেদন। রয়েছে ফেসবুকের ভিন্নতর ব্যবহারের মাধ্যমে অসহায় মানুষকে সেবা দিতে এগিয়ে আসা সিরাজগঞ্জের যুবক মামুন বিশ্বাসের উপর একটি প্রতিবেদন।
রয়েছে রাঙামাটির বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনাচার এবং রাঙামাটির প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত, দর্শনীয় ও পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থানগুলোর উপর তথ্যভিত্তিক প্রতিবেদন। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। পর্বটি কেয়া কসমেটিকসের সৌজন্যে প্রচার হবে বাংলাদেশ টেলিভিশনে।














