আনোয়ারায় মাদকের বিরুদ্ধে স্থানীয়দের মানববন্ধন

আনোয়ারা প্রতিনিধি | শুক্রবার , ২৬ জুন, ২০২৬ at ৫:৫০ পূর্বাহ্ণ

আনোয়ারায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ধর্ষণ ও জায়গা জমি দখলদারির বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা। গতকাল বৃহস্পতিবার উত্তর বরুমচড়া ৫নং ওয়ার্ডে স্থানীয়দের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন,এলাকায় মাদক ব্যবসা, সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, নারীর প্রতি সহিংসতা ও অবৈধ ভাবে জায়গা জমি দখলদারির মত সামাজিক অপরাধ বেড়ে চলেছে। এসব অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে এলাকার শান্তিশৃঙ্খলা ও স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে। তারা দ্রুত অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং এলাকাকে অপরাধমুক্ত রাখতে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় তারা অপরাধীদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গঠনে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। বক্তব্য রাখেন মো. ইসহাক,এয়ার মুহাম্মদ, ইমাম শরীফ প্রকাশ খলিলুর রহমান, নাজিম উদ্দীন, নাসির প্রকাশ সেন্টু, মুহাম্মদ মোজাম্মেল হক, মো. সাইফুল আলম,আবু শামা, মো. ফারুক, মো. ফজল, মো. মঞ্জুরুল আলম, নাজিম উদ্দিন, নাছির উদ্দিন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধক্রীড়া সংগঠক মকসুদুর রহমান বুলবুলের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধ‘ইমাম হোসাইনের আত্মত্যাগ মুসলিম উম্মাহর অনুকরণীয় দৃষ্টান্ত’