যাই যত দূরে আসি তবু ফিরে আসি
মনজুড়ে ভাসে মেঠো রাখালের বাঁশি।
আঁকাবাঁকা গেঁয়োপথ ফসলের মাঠ
হিজলের গাছ পাশে শানবাঁধা ঘাট।
বনে বনে বুনোফুল মিটিমিটি হাসে
টুনটুনিটির ওড়া উঠোনের পাশে।
ধানক্ষেতে সোনারঙ বাতাসের ঢেউ
ঝিকমিক রোদ্দুর ছড়াল কি কেউ?
আকাশের আঁচলেতে মেঘেদের ডুব
শাদা শাদা গাঙচিল ভালোবাসি খুব।
দলবেঁধে হেঁটে যায় ডাহুকের ছানা
অপরূপ ছবি যেন এই দেশখানা।










