শুক্রবারের শহরে গোঁ ধরা গোধূলি নামে
সুরঞ্জনার হাত ধরে! ক্যাথলিক চার্চ হয়ে
যুবতীর মন একাই ছুটে যায় নৈঋত নগরে,
যেখানে রোজ জন্ম নেয় কবিতার নীড়হারা পাখি
এরপর হুতুমপেঁচার রাত নামে সহসা–
মনের চামড়ার ওপর
কবিতার পুরু আস্তরণ লাগিয়ে
যুবতী ফিরে যায় গন্তব্যে।
সমাজের চর্বিযুক্ত কথা এখন আর
ছুঁতে পারে না তার আত্মা,
সে এখন শব্দের শুঁড়িপথ বেয়ে
অন্তর্লীন কোনো বিষাদে ঝুলে থাকা এক
অচেনা ময়ূরপুচ্ছ স্বপ্ন।
শুক্রবারের শহরে আরও একবার কবিতা
জন্ম নেয়–একটি ক্লান্ত হৃদয়ে,
একটি অব্যক্ত বিদ্রোহে।






